রিয়ালকে শিরোপা জেতালেন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো মৌসুম শুরু করলেন জোড়া গোল দিয়ে। ছবি: রয়টার্স
রোনালদো মৌসুম শুরু করলেন জোড়া গোল দিয়ে। ছবি: রয়টার্স

গত মৌসুম যেভাবে শেষ হয়েছিল, নতুন মৌসুম ঠিক সেভাবেই শুরু করল রিয়াল মাদ্রিদ। শেষ হয়েছিল চ্যাম্পিয়নস লিগ জিতে। কার্ডিফ সিটি স্টেডিয়ামে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে সেভিয়াকে হারিয়ে রিয়ালের নতুন মৌসুম শুরু হলো উয়েফা সুপার কাপ জিতে। অর্থাত্ শিরোপা-স্বাদ অটুটই রইল। গত মৌসুমে দুর্দান্ত খেলা সিআর সেভেন বার্তা দিয়ে রাখলেন, এবারও হবে!  

ম্যাচ হয়েছিল ‘হানড্রেড মিলিয়ন ম্যান’ গ্যারেথ বেলের শহরে। ঘরের ছেলের ঝলক দেখতে নিশ্চয় অপেক্ষায় ছিলেন উপস্থিত ৩৩ হাজার দর্শক। খুব একটা হতাশ করেননি ওয়েলশ উইঙ্গার। ৩০ মিনিটে রোনালদোকে দিলেন অসাধারণ এক ক্রস। দুর্দান্ত ফিনিশিংয়ে জাতীয় দলের সতীর্থ-গোলরক্ষক বেতোকে পরাস্ত করে সেভিয়ার জালে বল জড়িয়ে দিলেন রোনালদো। দ্বিতীয়ার্ধের শুরুতে, ৪৯ মিনিটে করিম বেনজেমার বাড়িয়ে দেওয়া বলে বাঁ পায়ের শটে আবারও রিয়াল ফরোয়ার্ডের গোল! ২-০ স্কোরলাইন নিয়েই ম্যাচ শেষ করল রিয়াল।

গতবার দারুণ এক মৌসুম কাটানো রোনালদো রিয়ালকে এনে দিয়েছিলেন বহু আরাধ্য ‘লা ডেসিমা’। এরপর আততায়ীর মতো চোট হানা দিল। বিশ্বকাপটা খুব বাজেই কাটল সিআর সেভেনের। চোট কাটিয়ে চনমনে, ঝরঝরে রোনালদো মৌসুম শুরু করলেন জোড়া গোল দিয়ে। এবার ভক্তদের জন্য আরও কত উপহার জমিয়ে রেখেছেন, কে জানে!

এক যুগ পর উয়েফা সুপার কাপ জিতল রিয়াল মাদ্রিদ। ছবি: রয়টার্স
এক যুগ পর উয়েফা সুপার কাপ জিতল রিয়াল মাদ্রিদ। ছবি: রয়টার্স

প্রায় ৪৫৩.৮৪ মিলিয়ন ডলারের আক্রমণ ভাগ রিয়ালের। রোনালদো-বেল তো ছিলেনই। নতুন যোগ হয়েছেন হামেস রদ্রিগেজ। মধ্যমাঠে এসেছেন টনি ক্রুস। মৌসুমের প্রথম ম্যাচেই কার্লো আনচেলত্তিকে হতাশ হতে হয়নি। রিয়ালে অভিষেকে দারুণ খেলেছেন ক্রুস। দিয়েছেন ৭৩ পাস, যার ৯৫ শতাংশ নিখুঁত। দৌড়েছেন ১১.৭ কিলোমিটার।

ম্যাচসেরা রোনালদো বললেন, ‘এটি ছিল মৌসুমের প্রথম অফিশিয়াল ম্যাচ। আসলে আমার কেমন লাগছে, বুঝতে পারছি না! তবে ভালো লাগছে। কোনো সমস্যা নেই। কোনো চোট অনুভব করছি না। বুঝতে পেরেছিলাম কঠিন ম্যাচ হতে যাচ্ছে। তবে আমরা ভালো খেলেছি। অনেক সুযোগ তৈরি করেছি এবং গতি ধরে রেখে দারুণ খেলেছি। যোগ্য দল হিসেবেই জিতেছি।’ রিয়াল তারকা ভূয়সী প্রশংসা করলেন নতুন দুই সতীর্থ ক্রুস ও রদ্রিগেজেরও। তথ্যসূত্র: রয়টার্স, এএফপি, মার্কা।