রিয়ালকে সরিয়ে শীর্ষে অ্যাটলেটিকো
মৌসুমটা দুর্দান্তভাবে শুরু করার পর হঠাৎই কি পথ হারাল রিয়াল মাদ্রিদ? খেলা দেখে অন্তত তাই মনে হচ্ছে। সব ধরনের প্রতিযোগিতায় টানা ৬ ম্যাচ জেতার পর টানা চারটি ড্র! এর মধ্যে সর্বশেষ ড্রটি পরশু লা লিগায় এইবারের সঙ্গে ১-১ গোলে। একই রাতে আগের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ ২-০ গোলে ভ্যালেন্সিয়াকে হারিয়ে দেওয়ায় ড্র করে বড় ক্ষতিই হয়ে গেল রিয়ালের। অ্যাটলেটিকোর কাছে লা লিগার শীর্ষস্থানটাও হারিয়েছে তারা।
৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় স্থানে রিয়াল। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৪ পয়েন্ট নিয়ে তিনে সেভিয়া, চতুর্থ স্থানে থাকা বার্সার পয়েন্ট ১৩।
রিয়ালের টানা চার ড্রয়ের কারণ খুঁজছেন কোচ জিনেদিন জিদানও, ‘এই দলের কোচ হিসেবে আমিই এমন পারফরম্যান্সের জন্য দায়ী, আমাকেই সমাধান খুঁজে বের করতে হবে। তবে মনে রাখতে হবে, এটা বড় কোনো সংকট নয়, মাত্র তো অক্টোবর চলে। এখনই অস্থির হলে চলবে না।’ এএফপি।