রিয়ালকে হারিয়ে অ্যাটলেটিকোর প্রতিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতে নতুন মৌসুমের শুরুটা দারুণভাবে করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ছবি: রয়টার্স
স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতে নতুন মৌসুমের শুরুটা দারুণভাবে করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ছবি: রয়টার্স

গতবারের মতো এবারও হয়তো স্প্যানিশ লিগে শিরোপার জন্য অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চালাতে হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে। মৌসুমের শুরুতেই পাওয়া গেল তেমন ইঙ্গিত। স্প্যানিশ সুপার কাপে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে মৌসুমটা দারুণভাবে শুরু করেছে অ্যাটলেটিকো। প্রথম লেগে ১-১ সমতার পর দ্বিতীয় লেগে রিয়ালকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ডিয়েগো সিমিওনের শিষ্যরা। অ্যাটলেটিকোর এই জয়ে নিশ্চিত হয়েছে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হারের প্রতিশোধটাও।

ডিয়েগো কস্তা আর ডেভিড ভিয়াসহ আরও কয়েকজন খেলোয়াড়ের বিদায়ের পর এই মৌসুমে অ্যাটলেটিকো ছিল ভাঙা হাটই। গতবারের লা লিগা চ্যাম্পিয়নরা এবার তাদের গৌরব ধরে রাখতে পারবে কি না, তা নিয়েও থেকে যাচ্ছে সংশয়। কিন্তু মৌসুমের শুরুতে তেমন সংশয় উড়িয়েই দিয়েছে অ্যাটলেটিকো। ফরাসি উইঙ্গার আতোঁয়ার গ্রিজমান ও ক্রোয়েশিয়ার স্ট্রাইকার মারিও মানজুকিচ হয়তো টের পেতে দেবেন না কস্তা-ভিয়ার অনুপস্থিতিটা। গতকাল অ্যাটলেটিকোর জয়টিও এসেছে মারিও মানজুকিচের দারুণ এক গোলে।

স্প্যানিশ সুপার কাপের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোলটিই গতকাল করেছেন মানডুকিচ। ৮১ সেকেন্ডের মাথায় রিয়ালের জালে বল জড়িয়ে দেন এই ক্রোয়েশিয়ান স্ট্রাইকার। বাকি খেলায় সেই গোলটিই আর শোধ করতে পারেনি রিয়াল। ১৯৮৫ সালের পর দ্বিতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল অ্যাটলেটিকো।

ইনজুরি আশঙ্কার মধ্যেও দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু এ সময়ের সেরা এই ফুটবলারও খুঁজে পাননি অ্যাটলেটিকোর জাল।