রিয়ালকে 'শততম' জয়ের হাতছানি

গ্যারেথ বেল, কেইলর নাভাস ও মাতেও কোভাচিচ নেই আগে থেকেই। চোটের তালিকায় নতুনে যোগ হয়েছে অধিনায়ক সার্জিও রামোসের নাম। চোট-জর্জর দল বলতে যা বোঝায়, রিয়াল মাদ্রিদের অবস্থা এখন তাই। চ্যাম্পিয়নস লিগে জিনেদিন জিদানের দলের সামনে তাই আজ রাতে পুঁচকে অ্যাপোয়েল নিকোশিয়াও বাধা হয়ে দাঁড়াতে পারে। কিন্তু সাইপ্রাসের দলটির বিপক্ষে ৩ পয়েন্ট তুলে নিতে পারলে চ্যাম্পিয়নস লিগে প্রথম দল হিসেবে ‘শততম ম্যাচ’ জয়ের উৎসব করবে রিয়াল।
বাংলাদেশ সময় আজ রাত ১টা ৪৫ মিনিটে নিকোশিয়ার মাঠে খেলতে নামবে জিনেদিন জিদানের দল। এ ম্যাচ জিতলেই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত হবে স্প্যানিশ ক্লাবটির। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপ থেকে সবার আগে শেষ ষোলো নিশ্চিত করেছে টটেনহাম। তাঁদের সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রিয়াল। ৪ ম্যাচে সমান ২ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ বরুসিয়া ডর্টমুন্ড এবং অ্যাপোয়েল।
রিয়াল ১২ বারের ইউরোপ সেরা। সে তুলনায় তাদের প্রতিপক্ষ অ্যাপোয়েল বেশ দুর্বল দল। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে অ্যাপোয়েলকে ৩-০ গোলে হারিয়েছিল জিদানের দল। তবে ক্রিস্টিয়ানো রোনালদো-মার্সেলোদের সাম্প্রতিক পারফরম্যান্স সমর্থকদের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। চ্যাম্পিয়ন লিগের শেষ ম্যাচেই টটেনহামের বিপক্ষে তাঁরা হেরেছে ৩-১ গোলে। সর্বশেষ লা লিগার ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেছে রিয়াল। আরও পেছনে তাকালে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ চার ম্যাচে রিয়ালের জয় মাত্র একটি! কিন্তু রিয়াল কোচ জিদান আশাবাদী, ‘আমি ইতিবাচক ভাবনায় বিশ্বাসী। আমরা যে একেবারে খারাপ খেলছি, সে কথা কিন্তু বলা যাবে না।’ সূত্র: মার্কা, বিবিসি