রিয়ালকেই পেলেন আনচেলত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওলো দিবালার ইচ্ছাপূরণ হলো ঠিকই, তবে যেভাবে চেয়েছিলেন তার চেয়ে একটু বেশিই আগেভাগে।
চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো পেরিয়েই জুভেন্টাস ফরোয়ার্ড বলেছিলেন, ‘ফাইনালে বার্সেলোনাকে চাই।’ কিন্তু ভাগ্যদেবীর অত দেরি সইল না। বার্সেলোনার সঙ্গে জুভেন্টাসকে মিলিয়ে দিলেন কোয়ার্টার ফাইনালেই।
তবে দিবালার ইচ্ছাপূরণ নয়, কাল সুইজারল্যান্ডের নিয়নে হওয়া কোয়ার্টার ফাইনালের ড্র এর চেয়েও ‘স্পেশাল’ আরেকটি গল্পের প্লট তৈরি করে দিয়েছে। একটা পুনর্মিলনীর গল্প—রিয়াল মাদ্রিদের সঙ্গে কার্লো আনচেলত্তির। ২০১৫ সালে রিয়াল ছেড়ে যাওয়া ইতালিয়ান কোচ আবার ফিরছেন সান্তিয়াগো বার্নাব্যুতে, তবে এবার বায়ার্ন মিউনিখকে নিয়ে। ড্র যে আনচেলত্তির বায়ার্নকে দাঁড় করিয়ে দিয়েছে রিয়ালের সামনে।
ম্যাচটাকে দেখা হচ্ছে দুই ডাগআউটে গুরু ও শিষ্যের লড়াই হিসেবেও। আনচেলত্তি যখন রিয়ালে ছিলেন, জিনেদিন জিদান ছিলেন তাঁর সহকারী। আনচেলত্তি-অধ্যায়ের পর বেনিতেজ-দুঃস্বপ্ন শেষে রিয়ালের ভারটা এখন ফ্রেঞ্চ কিংবদন্তির হাতেই। খুব একটা খারাপও করছেন না। আনচেলত্তি ‘লা দেসিমা’ জিতিয়েছিলেন রিয়ালকে, ‘জিজু’ দায়িত্ব নিয়েই এনে দিয়েছেন ‘লা উনদেসিমা’—চ্যাম্পিয়নস লিগে রিয়ালের ১১তম শিরোপা।
পুনর্মিলনী হচ্ছে দানি আলভেসেরও। বার্সার জার্সিতে তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতেন ব্রাজিলিয়ান রাইটব্যাক, যার শেষটি ২০১৫ সালে জুভেন্টাসকেই হারিয়ে। এবার সেই ন্যু ক্যাম্পেই আলভেস ফিরছেন, জুভেন্টাসের জার্সিতে।
রোমাঞ্চ ছড়াচ্ছে শেষ আটের অন্য দুটি ম্যাচও। তারুণ্যে উদ্ভাসিত, আক্রমণাত্মক ফুটবল খেলা দুই দল বরুসিয়া ডর্টমুন্ড ও মোনাকো মুখোমুখি হচ্ছে। আর চ্যাম্পিয়নস লিগ অভিষেকেই শেষ আটে উঠে আসা লেস্টার সিটির প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ১১-১২ এপ্রিল, দ্বিতীয় লেগ ১৮-১৯ এপ্রিল। উয়েফাডটকম।
শেষ আটের লাইনআপ
অ্যাটলেটিকো-লেস্টার
ডর্টমুন্ড-মোনাকো
বায়ার্ন-রিয়াল
জুভেন্টাস-বার্সেলোনা