রিয়ালে অনিশ্চিত আনচেলত্তি

গুঞ্জনটা বাতাসে ভেসে বেড়াচ্ছে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের পর থেকেই। ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্রয়ে লা লিগা জয়ের সম্ভাবনা থেকে দূরে সরে যাওয়ার পর জুভেন্টাসের সঙ্গে ড্র করে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় রিয়ােলর। তখন থেকে শোনা যাচ্ছিল, শিরোপাবিহীন মৌসুমের ব্যর্থতার দায় নিয়ে সরে যেতে হতে পারে কোচ কার্লো আনচেলত্তিকে। তাহলে আনচেলত্তির উত্তরসূরি কে হতে পারেন? স্প্যানিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, নাপোলির কোচ রাফায়েল বেনিতেজ কাল সংবাদ সম্মেলনে আনচেলত্তিও স্বীকার করলেন, ক্লাবে থাকবেন কি না সেটি এখনো অনিশ্চিত।
আজ গেটাফের সঙ্গে ম্যাচ দিয়েই ভুলে যাওয়ার মতো একটা মৌসুম শেষ করবে রিয়াল। আনচেলত্তির চুক্তির আরও এক বছর বাকি আছে। সে পর্যন্ত থাকবেন কি না রিয়াল কোচ সে ব্যাপারে নিশ্চিত নন, ‘এখনো কোনো কথা হয়নি। আমি ক্লাবের সঙ্গে কথা বলিনি, তারাও আমাকে কিছু বলেনি। সামনের রোববার বা সোমবার আমরা এসব নিয়ে কথা বলব।’
আনচেলত্তি নিজে অবশ্য চান রিয়াল-অধ্যায়টাকে আরও দীর্ঘায়িত করতে, ‘ক্লাব যতক্ষণ পর্যন্ত না কিছু বলছে, আমি কোচ হিসেবে কাজ করে যাব। আমি বুঝি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ ক্লাবকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। যদি চলে যেতে হয়, তবুও বলব এখানে অসাধারণ দুটি বছর আমি কাটিয়েছি। একসঙ্গে দারুণ কিছু মুহূর্ত ভাগাভাগি করেছি। খেলোয়াড়দের সঙ্গেও আমার সম্পর্কটা দারুণ। আমি জানি আমি সাধ্যমতো চেষ্টা করেছিলাম, তাই আমার কোনো দুঃখ থাকবে না।’
এর মধ্যে বেনিতেজের সঙ্গে কথাবার্তাও অনেক দূর এগিয়েছে বলেই স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর। কাল সাবেক ভ্যালেন্সিয়া ও লিভারপুলের কোচের এজেন্ট আরেকটু উসকে দিলেন গুঞ্জনটা, ‘বেনিতেজ একসময় রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ছিলেন। (১৯৭৪-১৯৮১ পর্যন্ত রিয়াল মাদ্রিদের ‘বি’ দলে খেলেছিলেন)। তার জন্ম মাদ্রিদে, তাদের ‘বি’ দলেরও কোচ ছিলেন। ইতিহাস পক্ষেই আছে। তিনি কী ভাবছেন সেটা আমি জানি না, কিন্তু কখনো রিয়ালের কোচ হতে পারলে খুশিই হবেন। এ মুহূর্তে অবশ্য সবকিছুই গুঞ্জন।’
বেনিতেজ কোচ হলে রিয়াল সমর্থকেরা যে খুশিমনে মেনে নেবে, সেটিও বলা যাচ্ছে না। মার্কার এক জরিপ দেখিয়েছে রিয়ালের নতুন কোচ হিসেবে তাঁকে দেখতে চেয়েছেন মাত্র ৮.৯ শতাংশ মানুষ। সবচেয়ে বেশি ৪৪ শতাংশ ভোট পেয়েছেন ডর্টমুন্ডের বিদায়ী কোচ ইয়ুর্গেন ক্লপ। ১৪.৭ শতাংশ ভোট নিয়ে এরপর সাবেক সেভিয়া ও অলিম্পিয়াকস কোচ মিশেল, ১০.৮ শতাংশ ভোট নিয়ে তিনে সেভিয়া কোচ উনাই এমেরি। এএফপি, রয়টার্স, মার্কা।