রিয়ালে অনিশ্চিত ডি মারিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঙ্গেল ডি মারিয়া
অ্যাঙ্গেল ডি মারিয়া

কোপা ডেল রের ফাইনালে গোল, চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ। শুধু এ দুটি ম্যাচের কল্যাণেই রিয়াল মাদ্রিদ সমর্থকেরা তাঁকে অনেক দিন ধন্য ধন্য করবেন। অথচ গত মৌসুমে দুর্দান্ত খেলা সেই অ্যাঙ্গেল ডি মারিয়ার ভবিষ্যৎ​ এত দ্রুত অনিশ্চিত হয়ে গেল সান্তিয়াগো বার্নাব্যুতে! এই মৌসুমে ডি মারিয়া আর রিয়ালে থাকছেন না বলে জোর গুঞ্জন।

​সেই গুঞ্জন ডালপালা মেলেছে টনি ক্রুস ও হামেস রদ্রিগেজ রিয়ালে যোগ দেওয়ায়। একাদশে জায়গা ধরে রাখার জন্য ডি মারিয়াকে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে হবে। নিয়মিত খেলার নিশ্চয়তা থাকছে না বলে তিনিই নাকি এখন ক্লাব ছাড়তে চাইছেন। অন্যদিকে কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওকে দলে আনতে চাইছে রিয়াল। এরই মধ্যে ক্রুস ও রদ্রিগেজের জন্য খরচ করেছে বিশাল অঙ্কের টাকা।

এখন ডি মারিয়াকে ভালো দামে বিক্রি করতে পারলে হয়তো ফ্যালকাওকে কেনা অনেক সহজ হয়ে যাবে রিয়ালের জন্য। স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, ডি মারিয়ার জন্য প্রায় ৬৫ মিলিয়ন ইউরো পর্যন্ত দিতে রাজি ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। আর্জেন্টাইন উইঙ্গারও নাকি পিএসজির ব্যাপারে আগ্রহী।

ডি মারিয়াকে পাওয়ার লড়াইয়ে পিএসজির সঙ্গে আছে ম্যানচেস্টার ইউনাইটেডও। তাঁকে ওল্ড ট্রাফোর্ডে নিয়ে যেতে ৫৭ মিলিয়ন ইউরো পর্যন্ত দিতে রাজি ইউনাইটেড। তবে শেষ পর্যন্ত কোথায় ডি মারিয়ার নতুন ঠিকানা হয়, সেটা জানা যাবে আর কয়েকটা পর। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি অবশ্য বলছেন, ডি মারিয়াকে রেখে দিতে তাঁরা আগ্রহী।

এই মৌসুমে সম্ভাব্য ছয়টি শিরোপাই জিততে চায় রিয়াল। এ জন্য ডি মারিয়াকে দরকার হবে বলে মনে করেন আনচেলত্তি, ‘বড় ক্লাব তো এমনই হয়। এখানে একই পজিশনে একাধিক খেলোয়াড় থাকে। ডি মারিয়াও রিয়ালেই থাকছে।’ আপাতত ছুটিতে থাকা আর্জেন্টাইন উইঙ্গার আগামী ৫ আগস্ট দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন বলেও জানিয়েছেন আনচেলত্তি।

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ অবশ্য অন্য রকম ইঙ্গিতই দিচ্ছেন। গত মৌসুমে দলবদলের প্রায় শেষ দিকে গ্যারেথ বেলকে কিনে মেসুত ওজিলকে বিক্রি করে দিয়েছিল রিয়াল। এবারও ফ্যালকাওকে কেনা আর ডি মারিয়াকে বিক্রি করে দেওয়ার ব্যাপারটা সে রকম হতে পারে—এমনই আভাস দিয়ে পেরেজে বলেছেন, ‘দলবদলের শেষ দিন পর্যন্ত যেকোনো কিছু হতে পারে। সেটা শুধু খেলোয়াড় কেনার ক্ষেত্রে নয়, বিক্রি করার ক্ষেত্রেও।’ এএফপি, গোলডটকম।