রিয়ালে অরুচি খেদিরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামি খেদিরা
স্যামি খেদিরা

এই কদিন আগেও ছিলেন রিয়ালের নির্ভরযোগ্য সদস্য। কিন্তু এই মৌসুমে তাঁর প্রথম একাদশে থাকা নিয়েই আছে যথেষ্ট সংশয়। হ্যাঁ, স্যামি খেদিরার কথাই বলা হচ্ছে। রিয়ালের এই জার্মান মধ্যমাঠ তারকা যেকোনো মূল্যেই এবার ‘লস ব্লাঙ্কোস’দের বাঁধন ছিঁড়তে চান।
কোন খেলোয়াড় চায় ডাগআউটে বসে অন্যের খেলা দেখতে! খেদিরার কাছে ব্যাপারটা একেবারেই অসহনীয়। স্বদেশি টনি ক্রুস ও কলম্বিয়ান সেনসেশন হামেস রদ্রিগেজের আগমন তাঁকে এই মৌসুমে এমন ভাগ্য বরণেরই পরিষ্কার ইঙ্গিত দিয়ে দিয়েছে। ৩১ আগস্ট দলবদলের প্রথম পর্ব শেষ হয়ে যাওয়ার আগেই নিজ দেশে নতুন ক্লাব খুঁজে নিতে চান তিনি।
হ্যাঁ, ‘নিজ দেশে’ ফিরতে চান খেদিরা। জার্মানির বিশ্বকাপজয়ী এই তারকা সে লক্ষ্যে এই মৌসুমে রিয়ালের নতুন চুক্তির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন, ‘আমি মনের দিক দিয়ে রিয়াল ছেড়েই দিয়েছি। এখন কেবল নতুন কোনো ঠিকানা খুঁজে নেওয়ার পালা।’
এই মুহূর্তে জার্মানির লিপজিগে অবস্থান করা খেদিরাকে নিয়ে রিয়াল সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে বিতর্কও। বিশেষ করে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগের খেলার সময় তাঁর জার্মানিতে অবস্থান করার ব্যাপারটিতে ক্ষুব্ধ তাঁরা। খেদিরা অবশ্য এতে কোনো সমস্যা দেখেন না, ‘আমি ক্লাব কর্তৃপক্ষের অনুমতি নিয়েই লিপজিগে আছি।’ তবে রিয়াল কোচ আনচেলত্তির কথা শুনলে সমর্থকেরা ক্ষুব্ধ হতেই পারেন। তিনি জানিয়েছেন, খেদিরা কোথায় সেটা নাকি তিনি জানেন না।
পুরো বিষয়টিই খেদিরা পেঁচিয়ে ফেলেছেন, বোঝাই যাচ্ছে। এখন নতুন দল না পাওয়া গেলে সমস্যাতেই পড়বেন তিউনিসিয়ান বংশোদ্ভূত এই জার্মান। তবে খেদিরা এ ব্যাপারে নির্বিকার, ‘আশা করছি ৩১ আগস্টের মধ্যেই কিছু একটা হয়ে যাবে। ভালো কোনো জার্মান ক্লাবই খুঁজে পাব। এএফপি।