রিয়ালে আসতে বিদ্রোহ, রিয়াল ছাড়তেও বিদ্রোহ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ালে যোগ দিতে মরিয়া কোর্তোয়া। ছবি: টুইটার
রিয়ালে যোগ দিতে মরিয়া কোর্তোয়া। ছবি: টুইটার
>রিয়াল মাদ্রিদে যোগ দিতে চেলসির হয়ে অনুশীলন বর্জন করেছেন বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। শেফিল্ড শিল্ডের ম্যাচেও চেলসির গোলপোস্ট সামলেছেন উইলি কাবায়েরো। ওদিকে রিয়ালেও অনুশীলন বয়কটের আলামত

বড় ক্লাবে যোগ দিতে খেলোয়াড়েরা কত কাণ্ড করেন! অনেকে অনুশীলন বর্জন করে হয়ে ওঠেন বিদ্রোহী। থিবো কোর্তোয়া ঠিক এ পথেই হাঁটছেন। সন্দেহ নেই চেলসি বড় মাপের ক্লাব, তবে সাফল্য কিংবা ঐতিহ্যে রিয়াল মাদ্রিদের মতো নয়। রাশিয়া বিশ্বকাপেই গুঞ্জন উঠেছিল কোর্তোয়াকে কিনতে চায় রিয়াল। আর এই গুঞ্জনকে আর একধাপ বাড়িয়ে চেলসির অনুশীলনে যাওয়া বাদ দিয়েছেন বেলজিয়ামের এ গোলরক্ষক।

রিয়ালের কাছে ব্যাপারটা নতুন কিছু নয়। তাঁদের সঙ্গে যোগ দিতে এর আগে অনেকেই অনুশীলন বর্জন করেছেন। কিন্তু এবার আয়নার উল্টো মুখও দেখতে হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। কোর্তোয়া যেমন বিদ্রোহ করে রিয়ালে আসার চেষ্টা করছেন, তেমনি রিয়ালেরই এক খেলোয়াড় বিদ্রোহ করে রিয়াল ছাড়ার চেষ্টা করছেন! কিংবা এভাবেও বলা যায়, কোর্তোয়া ওষুধের রিয়ালকে ঘায়েল করার চেষ্টা করছেন মাতেও কোভাচিচ।

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬২টি ম্যাচ খেলেছে রিয়াল। এর মধ্যে মাত্র ২৪ ম্যাচে প্রথম একাদশে ছিলেন। লিগে প্রথম একাদশে ছিলেন মাত্র ১০ ম্যাচে। বদলি হিসেবে নেমেছেন ১১ ম্যাচে। মাঠে নামার আরও সুযোগ পেতেই রিয়াল ছাড়ার ইচ্ছা আগেই প্রকাশ করেছেন। রিয়াল এত দিন তাঁর কথায় কান না দেওয়ায় দলটির অনুশীলন বর্জন করেছিলেন ২৪ বছর বয়সী এই ক্রোয়াট মিডফিল্ডার। কোচ হুলেন লোপেতেগির সঙ্গে এ নিয়ে সরাসরি কথা বললেও কাজ হয়নি। আর তাই অনুশীলন বর্জন করে কোভাচিচ জানিয়েছিলেন, তাঁর সমস্যার সমাধান হলেই কেবল রিয়ালের অনুশীলনে ফিরবেন। তাঁর এই ওষুধে কিন্তু কাজ হয়েছে।

রিয়াল ছাড়তে মরিয়া কোভাচিচ। ছবি: টুইটার
রিয়াল ছাড়তে মরিয়া কোভাচিচ। ছবি: টুইটার

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, কোভাচিচকে ধারে চেলসির কাছে ছাড়তে রাজি হয়েছে রিয়াল। আগামী মৌসুম থেকেই তাঁকে দেখা যাবে ইংলিশ ক্লাবটিতে। এতে কোভাচিচের মনের ইচ্ছাও পূরণ হলো আর খেলোয়াড়টির ওপর রিয়ালের নিয়ন্ত্রণও থাকল। কারণ, কোভাচিচকে নিয়ে ভবিষ্যতে বড় পরিকল্পনা রয়েছে রিয়ালের। কোভাচিচের দলবদল নিয়ে চেলসির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই এখন নাকি স্রেফ সময়ের ব্যাপার।

এদিকে রাশিয়া বিশ্বকাপে সেরা গোলরক্ষকের ট্রফিজয়ী কোর্তোয়া কবে স্টামফোর্ড ব্রিজে ফিরবেন, তা চেলসির কেউ জানে না। দলটির কোচ মাউরিজিও সারির কাছে আগেই চেলসি ছাড়ার কথা জানিয়েছিলেন কোর্তোয়া। কোর্তোর পরিবারের সবাই মাদ্রিদে থাকে। অ্যাটলেটিকোতে দীর্ঘদিন খেলে গেছেন এই গোলরক্ষক। তখন তাঁর পরিবার এখানেই থিতু হয়। মাদ্রিদে ফিরে যেতে কোর্তোয়া তাই মরিয়া। চেলসি কোচ সারি বলেছেন, ‘কোর্তোয়া এখনো চেলসির গোলরক্ষক। কিন্তু ভবিষ্যতের ব্যাপার বলতে পারি না। এটা ক্লাব ও বিশেষ করে খেলোয়াড়ের ওপর নির্ভর করছে।’ স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, কোর্তোয়াকে কেনার খুব কাছাকাছি পৌঁছে গেছে রিয়াল।

দল ছাড়তে অনুশীলন কিংবা খেলা বর্জনের ঘটনা নতুন কিছু না। কোভাচিচ-কোর্তোয়া এ ক্ষেত্রে ফিলিপ কুতিনহো, গ্যারেথ বেল, লুকা মদরিচ, সার্জিও আগুয়েরো, ফ্রাঙ্ক রিবেরিদের দেখানো পথ অনুসরণ করছেন। লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দিতে ইংলিশ ক্লাবটির হয়ে খেলা ও অনুশীলন বর্জন করেছিলেন কুতিনহো। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ তখন ব্যাপারটাকে চোটের অজুহাতে সামাল দিয়েছিলেন। গ্যারেথ বেলও রিয়ালে যোগ দিতে চোটের অজুহাত টটেনহামের হয়ে অনুশীলন আর খেলা বর্জন করেছিলেন। বার্সেলোনায় যোগ দিতে অনুশীলন বয়কট করেছিলেন ওউসমানে দেম্বেলেও।

কোর্তোয়ার রিয়ালে আসা কিংবা কোভাচিচের চেলসিতে নাম লেখানোর প্রক্রিয়া কিন্তু দ্রুত সেরে ফেলতে হবে। আগামী বৃহস্পতিবার ইংলিশ ফুটবলে দলবদলের শেষ দিন।