রিয়ালে একটু অস্বস্তি, গানারদের দুঃস্বপ্ন

৩-১!
জিনেদিন জিদান হয়তো এখন ভাবছেন, ব্যবধানটা একটু বাড়লে কী এমন ক্ষতি হতো? স্কোরলাইনটা এমন যে রিয়াল মাদ্রিদের এতে খুশি হওয়ার কথা, কিন্তু অস্বস্তিও পিছু ছাড়ছে না।
রেকর্ডই এমন দোলাচলে ফেলে দিয়েছে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে পরশু নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল। এর আগে ইউরোপিয়ান প্রতিযোগিতায় আটবার প্রথম লেগে ঠিক এই ব্যবধানে জিতেছে লস ব্লাঙ্কোরা। চারবার পরের রাউন্ডে গেছে, চারবার যায়নি। এবার ভাগ্যটা বেঁকে যাবে কোন দিকে?
আর্সেনালের এখন ওসব নিয়ে হয়তো না ভাবলেও চলবে। টানা সপ্তমবারের মতো শেষ ষোলো থেকেই গানারদের বাড়ি ফেরার ব্যাপারটা চূড়ান্ত হয়েই গেছে, প্রথম লেগে পরশু বায়ার্ন মিউনিখের মাঠে ৫-১ গোলে হেরেছে আর্সেন ওয়েঙ্গারের দল।
পরশু দুটি ম্যাচই প্রথমার্ধে ছিল সমতায়, দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রতিপক্ষের সর্বনাশ করেছে স্বাগতিক দল। তবে উপভোগের রেণুটা বেশি ছড়িয়েছে সান্তিয়াগো বার্নাব্যুতে। প্রথমার্ধজুড়ে হলো দুর্দান্ত ফুটবল, বল এক মিনিটে রিয়ালের বক্সে, তো পরের মিনিটে নাপোলির।
আট মিনিটেই এগিয়ে যায় নাপোলি। গোলটিও কী দুর্দান্ত! প্রতি আক্রমণে রিয়ালের বক্সের অনেক ওপরে বল পেয়েই আচমকা শট নেন নাপোলি মিডফিল্ডার লরেঞ্জো ইনসিনিয়ে, পোস্ট ছেড়ে বেরিয়ে আসা রিয়াল গোলকিপার কেইলর নাভাস দর্শকের চোখে তাকিয়ে দেখেছেন শুধু। তবে ১০ মিনিট পরই রিয়ালকে সমতায় ফেরান বেনজেমা। আর দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে টনি ক্রুসের গোলের পাঁচ মিনিট পর বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো।
স্কোরশিটে রোনালদোর নাম নেই। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে ৫২৩ মিনিট গোলহীন পর্তুগিজ ফরোয়ার্ড। তবে সেটি পুষিয়ে দিয়েছেন গোল করিয়ে। ক্রুসের গোলে ‘অ্যাসিস্ট’ করে রেকর্ডও গড়েছেন, রায়ান গিগসকে টপকে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ৩১ গোলে সহায়তার রেকর্ড এখন তাঁর। ব্যবধান বড়, তবে আরেকটু বড় হলে স্বস্তি পেতেন রিয়াল কোচ জিদান, ‘গোল না খেলেই ভালো লাগত। পরের লেগে অনেক কঠিন একটা মাঠে যেতে হবে, যেখানে ভুগতে হতে পারে আমাদের। এখনো সবই উন্মুক্ত।’
আর্সেনালের জন্য তো কোয়ার্টার ফাইনাল ছয় বছর ধরেই ‘বদ্ধ দুয়ার’। এবারও সম্ভবত তা-ই হচ্ছে। প্রথমার্ধে ১-১ সমতার পর দ্বিতীয়ার্ধের ৫৩ থেকে ৬৩—এই ১০ মিনিটেই ৩ গোল করে বায়ার্ন, শেষটি ৮৮ মিনিটে। দুটি গোল করেছেন থিয়াগো আলকানতারা, একটি করে আরিয়েন রোবেন, রবার্ট লেভানডফস্কি ও টমাস মুলার। রোবেনের গোলে প্রথম এগিয়ে যাওয়া বায়ার্নের সঙ্গে সমতা ফেরায় অ্যালেক্সিস সানচেজের গোল। তারপরই এক হালি গোল বায়ার্নের। এভাবে হারের কারণটা ওয়েঙ্গারের চোখে মানসিক, ‘তৃতীয় গোলের পর আমাদের সমন্বয় বলতে কিছু ছিল না, মানসিকভাবেও ক্লান্ত হয়ে পড়ি। শেষ ২৫ মিনিট আমাদের জন্য ছিল দুঃস্বপ্ন।’
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো ব্যাপারটাই আর্সেনালের কাছে এখন দুঃস্বপ্নের মতো!
টুকিটাকি
- এ নিয়ে টানা ৪১ ম্যাচে গোল করল রিয়াল মাদ্রিদ, যা ক্লাব রেকর্ড। এর আগেও তিনবার টানা ৪১ ম্যাচে গোল করেছিল রিয়াল। স্পেনে রেকর্ডটা অবশ্য বার্সেলোনার (৪৪ ম্যাচ)।
- সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ১২ ম্যাচেই জিতেছে রিয়াল।
- আর্সেনাল সর্বশেষ এক ম্যাচে ৫ গোল খেয়েছে ২০১৫ সালের নভেম্বরে। প্রতিপক্ষ? বায়ার্ন মিউনিখ! সেবারও ব্যবধান ছিল ৫-১!