রিয়ালে এখন পাঁচ-পাঁচজন জিদান!

কী ভাগ্যবান রিয়াল মাদ্রিদ! এক জিনেদিন জিদানকে পেলেই যেখানে বর্তে যেত বিশ্বের তাবৎ ক্লাব, সেখানে তাদের দলে পাঁচ-পাঁচ জন জিদান! ডাগআউটে জিদান, গোলপোস্টে জিদান, মিডফিল্ডে আরও ৩ জিদান—‘জিদানে’ ভরপুর এক দল।
অবশ্য এখনই নয়, সবকিছু ঠিকঠাক চললে রিয়ালের মূল একাদশে এমন দৃশ্য দেখা যেতে পারে আরও ৯-১০ বছর পর। জিদান আর তাঁর চার ছেলে মিলে রিয়ালে গড়ে তুলতে পারেন জিদান-রাজ্য!
রিয়াল ভক্তরা মাঠে ‘৫ জিদানে’র এই স্বপ্নটা দেখছেন অনেক দিন ধরেই। তবে গত পরশু জিদান সিনিয়র রিয়ালের কোচ হওয়ার পর থেকেই এই স্বপ্নটা ডালপালা মেলতে শুরু করেছে। ফরাসি কিংবদন্তি তো কোচের মসনদে বসেই গেলেন। তাঁর খুদে ‘যুবরাজ’রা বড় হওয়া পর্যন্ত রাজত্ব টিকিয়ে রাখতে পারলেই দেখা যাবে এই অসাধারণ দৃশ্য। ‘জিদান জুনিয়রে’র চারজনই যে খেলছেন রিয়াল একাডেমির বিভিন্ন যুবদলে।
জিদান রাজ্যের এই চার যুবরাজকে একটু চিনে নিন, ভবিষ্যতে ‘পাঁচ জিদানে’র ভিড়ে আলাদা করার ক্ষেত্রে কাজে লাগতে পারে—
এনজো ফার্নান্দেজ: নাম দেখে ভুল ভাববেন না। জিদানের বড় ছেলে ইনি। নামের শেষ অংশটা মায়ের কাছ থেকে নিয়েছেন, তবে খেলার ধরনের কারণে বাবার সঙ্গে তুলনাটাকে ঠেকাতে পারেননি। ২০০৪ সালে রিয়ালের যুব প্রকল্পে এসেছিলেন, একের পর এক সিঁড়ি বেয়ে উঠে এসেছেন রিয়াল মাদ্রিদের ‘বি’ দল কাস্তিয়ায়। গত মৌসুমে বাবা জিদান কাস্তিয়ার কোচ হওয়ার পর তো এনজোকে কাস্তিয়ার অধিনায়ক করে দিয়েছিলেন। ২০ বছরের এনজোকে তাই আগামী মৌসুমেই রিয়ালের মূল দলে খেলতে দেখলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না। তবে এমন হলে সেটি জিজু কোচ হওয়ার কারণে নয়, এনজোর নিজের যোগ্যতাতেই হবে। হোসে মরিনহো কোচ থাকার সময় ২০১১ সালেও তো এনজোকে একবার দলের সঙ্গে অনুশীলন করতে ডেকেছিলেন। এনজো এরই মধ্যে খেলেছেন ফ্রান্স অনূর্ধ্ব-১৯ দলেও।
লুকা জিদান: বাবার সঙ্গে তুলনার কোনো সুযোগই রাখেননি এই জিদান। ফুটবলটাকে অনেক ‘ভিন্ন চোখে’ দেখেন তিনি। বল পায়ে প্রতিপক্ষকে নাচিয়ে বেড়ানো লুকার পছন্দ নয়। বরং গ্লাভস হাতে প্রতিপক্ষের সব আক্রমণ ঠেকিয়ে যাওয়াতেই আনন্দ। ১৭ বছর বয়সী লুকা খেলছেন রিয়াল মাদ্রিদের যুবদল জুভেনিল বি-তে। বড় ভাইয়ের মতো লুকাও রিয়ালের মূল দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন, কার্লো আনচেলত্তির সময়ে। উচ্চতা হয়তো অত বেশি নয়, তবে রিফ্লেক্স দিয়ে সেটি বেশ ভালোভাবেই পুষিয়ে দিতে পারেন। আর ফ্রান্সের ছোটদের জাতীয় দলের হয়েও এরই মধ্যে শিরোপা জিতেছেন অনূর্ধ্ব-১৭ ইউরো চ্যাম্পিয়নশিপ। সেই টুর্নামেন্টে সেমিফাইনালে টাইব্রেকারে বেলজিয়ামের তিনটি শটও ঠেকিয়ে দিয়েছিলেন লুকা।
থিও জিদান: এই বছরের শুরুর দিকেই আলোটা নিজের দিকে টেনে নিয়েছিলেন জিদানের তৃতীয় ছেলে। বক্সে বল পেয়ে চকিত টার্নে দুই প্রতিপক্ষ ডিফেন্ডারকে ছিটকে ফেললেন, এরপর ঠান্ডা মাথায় বাঁকানো শটে বল জড়িয়ে দিলেন জালে। জিদানের সঙ্গে তুলনা যাতে না হয়, সে জন্য কাগজে কলমে নাম লেখা হয়েছে থিও ফার্নান্দেজ। কিন্তু ওই যে, রক্ত কথা বলে! জিদানের মতো থিওও মিডফিল্ডার। ১৩ বছরের এই ‘পিচ্চি জিদান’ খেলে রিয়াল মাদ্রিদের ইনফ্যান্টিল বি-তে। তবে মাঝে মাঝেই যেভাবে জিদানের ছাপ দেখাচ্ছেন, তাতে আর ৪-৫ বছরের মধ্যেই রিয়ালের মূল দলে চলে আসতেই পারে থিও।
এলিয়াজ জিদান: বয়স ১০। জিদান রাজ্যের সবচেয়ে ছোট্ট যুবরাজ। মাত্রই রিয়ালের শিশুদের দল ‘বেঞ্জামিনে’ যোগ দিয়েছে। তবে ‘ইনি’ও আগে থেকেই নিজের লক্ষ্যটা জানিয়ে দিয়েছেন। ‘কোথায় খেলতে চাও’—প্রশ্নে ঠোঁট বাকিয়ে বলে দিয়েছেন, মিডফিল্ডে।
ইতিহাস মুঘল সাম্রাজ্য দেখেছে, ফুটবল মাঠও দেখেছে মালদিনি কিংবা ফোরলান-রাজত্ব। তবে সেগুলোতে তো বাবার এক ছেলে হয়ে বিশ্ব মাতিয়েছেন পাওলো মালদিনি কিংবা ডিয়েগো ফোরলানরা। কিন্তু কিংবদন্তি বাবার মতো যদি হতে পারেন জিদানের চার ছেলেই, তবে সেটি ফুটবলের ইতিহাসেরই অন্যতম সেরা রাজত্ব হবে। অবশ্য সবাইকে একসঙ্গে মাঠে দেখতে হলে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে। জিদানকে তাঁর সিংহাসন টিকিয়ে রাখতে হবে, আর তাঁর ছেলেদের ধরে রাখতে হবে নিজেদের মতো করে ওপরে ওঠার ক্ষুধা।