রিয়ালে গার্দিওলা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেপ গার্দিওলা
পেপ গার্দিওলা

গুঞ্জনটা উঠে গিয়েছিল কার্ল হেইঞ্জ রুমেনিগের একটা কথায়। বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী হঠাৎই একদিন মন্তব্য করে বসলেন, কেউই অপরিহার্য নয়। ইঙ্গিতটা কি বায়ার্ন কোচ পেপ গার্দিওলার দিকেই ছিল? এই মৌসুম শেষেই বায়ার্ন ছাড়বেন—প্রায় থিতিয়ে আসা জল্পনার পালে তাতেই হাওয়া লাগল নতুন করে। সেটি জোর পেল কালকের ঘটনায়। হার্থা বার্লিনের সঙ্গে বুন্দেসলিগার ম্যাচের আগে সংবাদ সম্মেলনেই আসেননি গার্দিওলা!
এমনিতে ম্যাচের আগের দিন কোচদের সংবাদ সম্মেলনের আসাটা অলিখিত একটা রীতি। সেটির ব্যতিক্রম হওয়াতেই প্রশ্ন উঠে গেল, গার্দিওলার সঙ্গে কি বায়ার্নের টানাপোড়েন চলছে? কিন্তু নতুন ঠিকানা কী হবে? ম্যানচেস্টার সিটির নামটাই বেশি শোনা যাচ্ছিল। তবে কাতালান দৈনিক এআরএ ‘ভয়ংকর’ একটা তথ্য দিল। রিয়াল মাদ্রিদ নাকি গার্দিওলার ওপর নজর রাখছে। একটা সময় সাবেক বার্সা কোচ প্রকাশ্যেই বলেছিলেন, মাদ্রিদে কখনোই যাবেন না। সেটা হবে বার্সেলোনার সঙ্গে একধরনের বিশ্বাসঘাতকতা।
আপাতত গার্দিওলা বায়ার্নে থাকবেন কি না সেটাই প্রশ্ন। বায়ার্নের সঙ্গে চুক্তিটা ২০১৬ পর্যন্ত। ঘরোয়া সব শিরোপা জিতলেও জার্মান ক্লাবের হয়ে এখনো চ্যাম্পিয়নস লিগটা জিততে পারেননি। জার্মান দৈনিক বিল্ড-এর অনুমান, গার্দিওলা বায়ার্নেই থাকবেন। তাদের মন্তব্যটা সিটিরও গায়ে লাগতে পারে, ‘পেপ কেন সেখানে যাবে? শূন্য থেকে একটা দল তৈরি করতে? আন্তর্জাতিকভাবে দ্বিতীয় শ্রেণির হয়ে থাকতে?’
গার্দিওলা কী করবেন সেটা জানার জন্য ১৯ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। রুমেনিগে আগেই জানিয়েছিলেন, মৌসুমের প্রথমার্ধ শেষে গার্দিওলার সঙ্গে বসবেন। এর পরেই জানা যাবে সিদ্ধান্তটা। ইএসপিএন, মার্কা।