রিয়ালে জিদানের পুনর্জন্ম

রোনালদো, বেনজেমা, রামোসরা একে একে ঢুকলেন মাঠে। ভালদেবেবাসে ভেসে আসছে তুমুল হর্ষধ্বনি। কিন্তু যাঁর জন্য রিয়ালের অনুশীলন মাঠ ছয় হাজার দর্শকে ঠাসা, তিনি কই? টেকো মাথার ভদ্রলোক মাঠে ঢুকলেন সবার শেষে। গগনবিদারী কোরাসে তখন মাঠে কান পাতা দায়। জিনেদিন জিদান মৃদু হেসে যেন জানিয়ে দিলেন, ‘আর কোনো ভয় নেই, আমি এসে গেছি!’ রিয়াল মাদ্রিদে এক অর্থে পুনর্জন্মই হলো জিদানের। রিয়ালের খেলোয়াড় জিদান এখন রিয়ালের কোচ।
রিয়ালের জার্সি গায়ে সম্ভাব্য সবকিছুই জিতেছেন। ২০০২ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দুর্দান্ত ভলিতে ওই গোলটা তো শুধু রিয়ালের নয়, ফুটবল পুরাণেরই অংশ হয়ে গেছে। এমনিতে খুব প্রগলভ নন, নিজের আবেগ প্রকাশে যথেষ্টই পরিমিত। অথচ রিয়ালের নতুন কোচ হওয়ার পর সেই জিদানের কথায় অচেনা শিহরণের ছোঁয়া, ‘খেলোয়াড় হিসেবে যখন এসেছিলাম, এখন আমি তার চেয়েও বেশি রোমাঞ্চিত। আমি এ কাজে আমার মনপ্রাণ সঁপে দেব।’
কিন্তু ফ্রেঞ্চ কিংবদন্তি জেনেশুনে বিষপান করেননি তো? এই মুহূর্তে রিয়ালের ডাগ-আউটে থাকা এক অর্থে বিশ্বের সবচেয়ে কঠিনতম কাজগুলোর একটি। রিয়ালের সঙ্গে চুক্তিটা আপাতত আড়াই বছরের। কিন্তু জিদান জানেন, সেটা আড়াই মাসও হয়ে যেতে পারে। নিজে ছয়জন কোচের অধীনে খেলেছেন। আর বেনিতেজের উদাহরণটা তো টাটকাই। তবে জিদান এই সুযোগের জন্য সাগ্রহেই অপেক্ষা করছিলেন, ‘সবকিছুই আসলে খুব দ্রুত হয়ে গেছে। তারা জানতে চাইল, আমি দলকে সামলাতে পারব কি না। স্বাভাবিকভাবেই আমি “হ্যাঁ” বলেছি।’
তবে প্রশ্ন একটা উঠছেই, রিয়ালের কোচ হওয়ার জন্য কতটা তৈরি জিদান? কোচিংয়ে এসেছেন মাত্র দুই বছর, প্রথমে কাজ করেছেন কার্লো আনচেলত্তির সহকারী হিসেবে। মূল দলের কোচ হিসেবে অভিজ্ঞতা বলতে শুধু রিয়াল মাদ্রিদের ‘বি’ দল কাস্তিয়াকে সামলানো। সেখানেও খুব ভরসাজাগানিয়া কিছু করতে পারেননি, গত মৌসুমে কাস্তিয়াকে তৃতীয় বিভাগ থেকে টেনে তুলতেই ব্যর্থ হয়েছেন। এই মৌসুমে অবশ্য ভালোই করছে দল, সর্বশেষ ১৯ ম্যাচে হেরেছে মাত্র দুটিতে।
মাঠ আর ডাগ-আউটের পার্থক্য বোঝার জন্য এই অভিজ্ঞতাই যথেষ্ট। জিদান নিজেও সেটা বুঝে ফেলেছেন, ‘খেলোয়াড় ও কোচের কাজ একেবারেই আলাদা। তবে একটা জিনিস একই, সেটা হচ্ছে জয়।’ কিন্তু কাস্তিয়ার মখমলের গালিচার পর মূল দলের কর্কশ চত্বরে হোঁচট না খেয়ে হাঁটতে পারবেন তো? জিদান চাইলে পেপ গার্দিওলার উদাহরণটা মনে করিয়ে দিতে পারেন। বার্সেলোনার ‘বি’ দলের কোচ থেকে মূল দলের দায়িত্ব নিয়ে গার্দিওলা সম্ভাব্য সবকিছুই জিতেছেন। রিয়ালেরই পূর্বসূরি দেল বস্ক, বেনিতেজরাও তো কাস্তিয়ার কোচ ছিলেন। জিদান জানাচ্ছেন, সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতাও তাঁর কাজে দেবে, ‘আমি মরিনহো, কার্লোকে (আনচেলত্তি) খুব কাছ থেকে দেখেছি। সবার কাছ থেকেই নতুন নতুন অনেক কিছু শিখেছি।’
একটা ক্ষেত্রে অবশ্য বেনিতেজের চেয়ে এগিয়েই আছেন জিদান। খেলোয়াড়দের মধ্যে তাঁর জনপ্রিয়তা নিয়ে সম্ভবত কোনো প্রশ্ন নেই। তবে শিরোপা জিততে না পারলে অন্য সবকিছুই মূল্যহীন হয়ে যেতে পারে। জিদান অবশ্য আত্মবিশ্বাসী, ‘দল তো খুব খারাপ অবস্থায় নেই। আমাদের হাতে এখনো ছয় মাস সময় আছে।’
জিদানের দ্বিতীয় যুগের প্রথম পরীক্ষার ফল জানতে তত দিন অপেক্ষা করতেই হবে। এএফপি, মার্কা, এএস।