রিয়ালে জিদানের 'পাঁচ তারকা' শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরুটা দুর্দান্তই হলো জিদানের। ছবি: এএফপি।
শুরুটা দুর্দান্তই হলো জিদানের। ছবি: এএফপি।

বার্নাব্যুতে কোচ হিসেবে নিজের অভিষেকের দি​নে এর চেয়ে বেশি কী-ইবা আর চাইতে পারতেন জিনেদিন জিদান। গ্যারেথ বেলের হ্যাটট্রিক আর করিম বেনজেমার জোড়া গোলে দেপো​র্তিভো লা করুনাকে ৫-০ গোলে বিধ্বস্ত করে খেলোয়াড়েরা জিদানকে যে শুরুটা এনে দিলেন, সেটাই হয়তো ছিল তাঁর পরম চাওয়া।
এই জয়ে জিদান দারুণ একটা শুরু পেয়েছেন ঠিকই, দল হিসাবে রিয়াল মাদ্রিদের প্রাপ্তিটা আরও বেশি গুরুত্বপূর্ণ। কালকের ম্যাচটা জিতে লিগের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্টের ব্যবধান এই মুহূর্তে মাত্র ২। যদিও বার্সা রিয়ালের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে।
গত চার ম্যাচে নিজের দ্বিতীয় হ্যাটট্রিকটা পেয়েছেন বেল। অসাধারণ ফর্মেই আছেন এই ‘ওয়েলশম্যান।’ জিদান চান বেল তাঁর ফর্মটা ধরে রাখুন মৌসুমের শেষ অবধিই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বেলের ব্যাপারে উচ্ছ্বসিত জিদান, ‘ম্যাচে তিন-তিনটা গোল করা মোটেও খুব সহজসাধ্য ব্যাপার নয়। বেল আজকে সেটাই করেছে। আমি খুব খুশি তাঁর এই অর্জনে। আশা করি মৌসুমের শেষ পর্যন্ত সে এমনই খেলে যাবে। সে তাঁর ফর্মটা ধরে রাখবে।’
প্রথম দিনই নিজের চ্যালেঞ্জটা ভালোভাবেই অনুভব করেছেন জিদান। চ্যালেঞ্জ অনুভবের সেই পুরোনো দিনগুলোতেই যেন ফিরে গেছেন কিংবদন্তিতুল্য এই ফরাসি প্লেমেকার, ‘আজ আমার জীবনের এক নতুন চ্যালেঞ্জ শুরু হল। রিয়ালের কোচ হিসেবে আমার এই ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি সামনের দিনগুলোতেও এই চ্যালেঞ্জটা উপভোগ করতে চাই।’
জিনেদিন জিদা​ন হচ্ছেন গত ১২ বছরে রিয়া​ল মাদ্রিদের ১১তম কোচ। রাফায়েল বেনিতেজকে বরখাস্ত করে তাঁকে কোচ হিসেবে নিয়োগ দেওয়াটাও সমালোচনার ঊর্ধ্বে ছিল না। বিশেষ করে সর্বোচ্চ পর্যায়ে কোচ হিসেবে তাঁর অনভিজ্ঞতা বারবারই সামনে চলে আসছিল। রিয়ালের কোচের দায়িত্ব নেওয়ার আগে জিদানের সর্বোচ্চ অভিজ্ঞতা ছিল রিয়ালের যুব দল কাস্তিয়ার কোচ হিসেবে তাঁর প্রায় দুই বছরের মেয়াদকাল। তবে বেনিতেজের শেষ কয়টা দিন রিয়ালের মাঠের পারফরম্যান্স যা ছিল, তাতে রিয়াল সমর্থকেরা জিদানের অধীনে খুঁজে নিতে চেয়েছেন নতুন দিনের আশা। রিয়ালের সাবেক খেলোয়াড় হিসেবে জিদানের অনন্য অবদানটাকেও তাঁরা মনে রেখেছেন। ২০০২ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জিদানের সেই দুর্দান্ত জয়সূচক গোলটার কথা ভুলে যাবেন, এমন রিয়াল মাদ্রিদ সমর্থক আছেন নাকি!
দর্শকদের প্রত্যাশার বিষয়টিও মাথায় আছে জিদানের। তাঁর প্রতি আস্থা রাখার ব্যাপারটি তাঁকে মনে মনে গর্বিত করলেও তাঁর শঙ্কা দলের ধারাবাহিকতা নিয়েই, ‘আমি সমর্থকদের ধন্যবাদ দেব। তাঁরা খেলোয়াড়দের কাছ থেকে ভালো পারফরম্যান্স দেখতেই এসেছিলেন এবং আমার মনে হয় এই জয়ে তাঁরা আনন্দিতই। সমর্থকেরা সব সময়ই দলের সঙ্গে থাকেন। তবে আমার মনে হয় আমাদের ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে, এটা আমার প্রথম ম্যাচ। আমরা ভালো ফুটবল খেলতে চাই। এবং যত বেশি সম্ভব ম্যাচ জিততে চাই।’

জয়টা বিরাট ব্যবধানে হলেও ম্যাচের শুরুতেই কিন্তু গল্পটা অন্যরকম হতে পারত। গোল খেয়ে পিছিয়ে পড়তে পারত রিয়াল। খেলার ১১ মিনিটে এই সমূহ বিপদের হাত থেকে দলকে রক্ষা করেন গোলরক্ষক কেইলর নাভাস।
বিপদ থেকে রক্ষা পেয়ে দেপোর্তিভোর ওপর ঝাঁপিয়ে পড়ে জিদান-বাহিনী। ১৫ মিনিটের মাথায় পেয়ে যায় নিজেদের প্রথম গোল। দেপোর্তিভোর বক্সের মধ্যে এক জটলায় সার্জিও রামোসের শটে করিম বেনজেমার এক ব্যাকহিলে বল গোললাইন অতিক্রম করে।
২২ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল। দানি কারভাহালের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে গোল করেন বেল। ২৫ ও ৩৯ মিনিটে দুটো সহজ সুযোগ নষ্ট করেন ক্রিস্টিয়ানো রোনালদো। দ্বিতীয়ার্ধের শুরুতেই বেল পেয়ে যান ম্যাচে তাঁর দ্বিতীয় গোলটি।
এই গোলটিতে অবশ্য রোনালদোর অবদান ছিল দারুণ। তাঁর চমৎকার ক্রসে বেলকে কেবল পা ছোঁয়ানোর কাজটাই করতে হয়েছে।
৬৩ মিনিটে বেল নিজের হ্যাটট্রিকটি পূরণ করেন অসাধারণ এক হেডে। ক্রসটি বাড়িয়েছিলেন টনি ক্রুজ। এবারের লিগে এটি ছিল বেলের ১২ তম গোল। রায়ো ভায়োকানোর বিপক্ষে রিয়ালের ১০-২ গোলের বিশাল জয়ে বেলের অবদান ছিল চার গোল।
৮৮ মিনিটে আবারও দুর্ভাগ্যের শিকার হন। বাম দিক দিয়ে মার্সেলোর বাড়ানো ক্রসে পা ছোঁয়ালে তা ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ম্যাচে রিয়ালের পঞ্চম গোলটি পেতে পারতেন রোনালদোই। কিন্তু দারুণ সুবিধাজনক জায়গায় বল পেয়েও পর্তুগিজ তারকা তা হারিয়ে ফেললে কাছেই দাঁড়ানো বেনজেমা সুযোগের সদ্ব্যবহার করেন তড়িৎগতিতেই।