রিয়ালে নতুন চুক্তি রোনালদোর?
পর্তুগালকে ইউরোর শিরোপা এনে দেওয়ার পর থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনে যেন শুধু প্রাপ্তি আর প্রাপ্তি। জন্মস্থান মাদেইরার একমাত্র বিমানবন্দরটির নাম হচ্ছে তাঁর নামে, দুই দিন আগে নিজের হোটেল ব্যবসা চালু করেছেন। এই সুসময়ের মধ্যেই রিয়াল মাদ্রিদ ভক্তদেরও একটা আনন্দের খবর দিলেন পর্তুগিজ অধিনায়ক, জানালেন তাঁর ইচ্ছের কথা। সেটি কী? রিয়ালের সঙ্গে চুক্তিটা নবায়ন করতে চান। গত মৌসুমে রিয়ালের চ্যাম্পিয়নস লিগ জয়ে সবচেয়ে বড় অবদান তাঁর, পুরস্কারটা তো পাওনাই রোনালদোর। ২০১৩ সালে সই করা পাঁচ বছরের চুক্তিটা নবায়নের ব্যাপারে কথাও হয়েছে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে, ‘ফোনে সভাপতির সঙ্গে কথা হয়েছে। মাদ্রিদে পৌঁছানোর পর এ নিয়ে কথা বলব।’ ইচ্ছেটা কতটা তীব্র, সেটিও জানালেন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড, ‘অবশ্যই আমি এটা চাই। অনেকবার বলেছিও সেটা। ক্লাবও চায়। তবে অল্পস্বল্প কথা হয়েছে। পুরো ব্যাপারটা সামনে জানা যাবে।’ তবে ছোট্ট একটা দুঃসংবাদও রোনালদো দিয়েছেন, চোটের কারণে থাকছেন না ৯ আগস্টে সেভিয়ার বিপক্ষে উয়েফা সুপার কাপে। স্কাই স্পোর্টস।