রিয়ালে নাভাস-ক্যাসিয়াস লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ালে শুরু হচ্ছে নাভাস-ক্যাসিয়াস লড়াই!
রিয়ালে শুরু হচ্ছে নাভাস-ক্যাসিয়াস লড়াই!

বিশ্বকাপের পারফরম্যান্সই তাঁর পক্ষে কথা বলছিল। কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাস যে এই মৌসুমে দলবদলের বাজারে দাঁও মারতে যাচ্ছেন, বিশ্বকাপের পর থেকেই অনুমান করা যাচ্ছিল। গত রোববার সেই অনুমান পরিণত হলো সত্যে। ওই দিনই লেভান্তে থেকে রিয়াল মাদ্রিদ-যাত্রা নিশ্চিত করে ফেলেছেন নাভাস।
লেভান্তে ও রিয়ালের পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই সান্তিয়াগোয় আস্তানা হচ্ছে নাভাসের। চুক্তিটাও হচ্ছে বেশ দীর্ঘ সময়ের জন্যই। আগামী ছয় বছর রিয়াল মাদ্রিদের গোলবার আগলানোর গুরুদায়িত্ব তাঁরই।
নিয়মানুযায়ী স্বাস্থ্য পরীক্ষার পরপরই তাঁকে সমর্থকদের সামনে হাজির করা হবে। ওই আনুষ্ঠানিকতাটা আগামীকাল মঙ্গলবারই হতে যাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
নাভাসকে দলে পেতে রিয়ালের খরচ কত হয়েছে, সেটা খোলাসা না হলেও স্প্যানিস ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, এই অঙ্কটা ১০ মিলিয়ন ইউরো ও অথবা তার চেয়েও বেশি।
লেভান্তেয় গত দুটি মৌসুমে সাফল্যের সঙ্গেই অতিক্রান্ত করেছেন নাভাস। বিশ্বকাপে তাঁর অসাধারণ পারফরম্যান্সের ওপর ভর করেই কোয়ার্টার ফাইনালে খেলে হিসাবের বাইরের দল কোস্টারিকা। বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স তাঁর প্রতি আগ্রহী করে তোলে রিয়ালকে। সান্তিয়াগোয় মূল একাদশে জায়গা পেতে তাঁকে লড়তে হবে সম্প্রতি নিজেকে হারিয়ে খোঁজা ইকার ক্যাসিয়াসের সঙ্গে। গত মৌসুমে কোচ কার্লো আনচেলত্তির প্রথম পছন্দ ডিয়েগো লোপেজের দল ছাড়া প্রায় নিশ্চিত হয়ে যাওয়া আর ক্যাসিয়াসের বাজে ফর্ম নাভাসকেই মূল একাদশে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে রাখছে অনেকটা পথ।