বার্সেলোনার কাছে লিওনেল মেসি যতটা, রিয়াল মাদ্রিদের কাছে ক্রিস্টিয়ানো রোনালদোও তাই। কিন্তু বায়ার্ন মিউনিখের কাছে ফ্রাঙ্ক রিবেরি কি ততটা গুরুত্বপূর্ণ? অনেকে একমত না-ও হতে পারেন, তবে রিবেরির দাবি, বায়ার্ন তাঁকে এটাই বলেছিল। সে কারণেই সুযোগ পেয়েও রিয়ালের মতো দলেও যাননি এই ফ্রেঞ্চ উইঙ্গার।
২০০৭ সালে বায়ার্ন আড়াই কোটি ইউরোর বিনিময়ে মার্শেই থেকে নিয়ে আসে রিবেরিকে। সেই সময়ে ওটা ছিল জার্মান ক্লাবের দলবদলের রেকর্ড। রিবেরি সেই আস্থার প্রতিদান নিয়মিতভাবেই দিয়ে গেছেন। ক্লাবের হয়ে ১৪টি শিরোপা জিতেছেন, পেয়ে গেছেন সম্ভাব্য সব অর্জনই। মেসি-রোনালদোর যুগ না হলে ব্যালন ডি অরও হয়তো পেয়ে যেতেন। কিন্তু এই যুগে সাত বছরের বেশি এক ক্লাবে কাটিয়ে দেওয়া সহজ কথা নয়। রিবেরির কথা, বায়ার্ন তাঁকে মূল্যায়ন করেছে বলেই তিনি ক্লাব ছাড়ার কথা ভাবেননি।
ঘটনাটা ২০০৯ সালের। রিবেরি তখন ফর্মের তুঙ্গে, তাঁর দিকে চোখ পড়ে রিয়ালের। কিন্তু রিবেরি বায়ার্নের কথায় আশ্বস্ত হয়ে রিয়ালের দিকে ঝোঁকেননি, ‘উলি হোয়েনেস তখন ক্লাবের প্রেসিডেন্ট। কার্ল হেইঞ্জ রুমেনিগে চেয়ারম্যান। তাঁরা দুজনেই আমাকে বোঝালেন, আমার যাওয়া উচিত নয়। মেসি বার্সেলোনার কাছে যতটা গুরুত্বপূর্ণ, আমি বায়ার্নের কাছে তাই—সেটিও বললেন। রিয়াল আমাকে নেওয়ার চেষ্টা করেছিল। আমি জানি না বায়ার্নের কাছে ওরা কত অঙ্কের প্রস্তাব দিয়েছিল। শেষ পর্যন্ত আমি খুশি ওটা হয়নি।’
তবে রিবেরি স্বীকার করেছেন, ওই সময় কোচ লুই ফন গালের সঙ্গে শীতল একটা সম্পর্ক ছিল তাঁর, ‘আমাদের কিছু কিছু ব্যাপারে একটু মতবিরোধ ছিল। তিনি আসার পর কেউ বুঝতে পারছিল না কী করবেন। আসার পরে বললেন নাম নিয়ে তাঁর মাথাব্যথা নেই, দরকারও নেই। সবাইকেই নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে।’ কোচ ফন গাল সম্পর্কে অবশ্য অভিযোগ নেই রিবেরির, ‘তাঁর সঙ্গে প্রথম দেখাটাই ছিল অস্বস্তিকর। পেশাদার হিসেবে আমি আস্থা হারিয়ে ফেলেছিলাম। মাঠে তিনি দারুণ, কিন্তু বাইরে তিনি ভালো মানুষ ছিলেন না। আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছিল।’ কিন্তু এত কিছুর পরেও বায়ার্ন ছাড়ার কথা রিবেরি কখনোই ভাবেননি।
বয়স এখন ৩২, ক্লাবের সঙ্গে চুক্তির বাকি আর দুই বছর। তবে রিবেরি বায়ার্ন থেকেই অবসর নিতে চান, খেলা ছাড়ার পরও জড়িয়ে থাকতে চান কোচ হিসেবে। আপাতত সেসব ভাবনা পরে, আগে এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিততে চান। রিবেরি আশাবাদী, দুই বছর আগের মতো বায়ার্ন এবারও চ্যাম্পিয়নস লিগ জিততে পারে। গোলডটকম।