আপাতত আলোচনাটা ধামাচাপা দিয়েছেন মোহাম্মদ সালাহ।
দলবদল-বাজারের সব আলো কিলিয়ান এমবাপ্পে নিজের দিকে টেনে নিলেও মোহাম্মদ সালাহও যে আলোচনার জন্ম দিচ্ছিলেন না, ব্যাপারটা তেমন নয়। চুক্তি নবায়ন করে লিভারপুলে থাকবেন নাকি অন্য কোনো ক্লাবে পাড়ি জমাবেন, কয়েক মাস ধরে সালাহকে নিয়ে এমন সব আলোচনাই বেশি হচ্ছিল। লিভারপুলের হয়ে বর্তমান চুক্তি অনুযায়ী আরও এক মৌসুম খেলার কথা সালাহর।
বেতন-বোনাস নিয়ে ঐকমত্যে না পৌঁছানোর কারণে এখনো অলরেডদের সঙ্গে চুক্তি নবায়ন করেননি এই মিসরীয় তারকা। ফলে এক বছর আগেই দল ছাড়তে পারেন, এমন গুঞ্জন ওঠাই স্বাভাবিক, উঠেছিলও। কিন্তু সালাহ নিজেই চ্যাম্পিয়নস লিগ ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে লিভারপুল–সমর্থকদের স্বস্তি দিয়ে জানিয়েছেন, বর্তমান চুক্তি অনুযায়ী আরও এক বছর অবশ্যই লিভারপুলে থাকবেন তিনি। ইঙ্গিতটা পরিষ্কার, আপাতত লিভারপুলে আছি, চুক্তির মর্যাদা দিচ্ছি, পরেরটা পরের বছর দেখা যাবে!
তবে এক বছর পর কী হবে, সেটা কেউ জানেন না। বর্তমান চুক্তি শেষে সালাহ লিভারপুলের হয়ে চুক্তি বাড়াতেও পারেন এমবাপ্পের মতো বা আন্তোনিও রুডিগারের মতো চেলসি ছেড়ে পাড়ি জমাতে পারেন অন্য ক্লাবে। কী হবে, কেউ জানেন না। কিন্তু অনুমান করতে তো সমস্যা নেই! সালাহর ভবিষ্যৎ নিয়ে এমন অনুমানই করেছেন মিসরের সাবেক ফরোয়ার্ড, সালাহরই উত্তরসূরি—মিডো। মিসরের হয়ে ৫১ ম্যাচে ২০ গোল করা এই সাবেক ফরোয়ার্ড জানিয়েছেন, সালাহর ভবিষ্যৎ গন্তব্য রিয়াল মাদ্রিদ। শুধু সেটাই নয়, আরও কিছু চোখ কপালে তোলা অনুমান করেছেন আয়াক্স, রোমা ও টটেনহাম হটস্পারের সাবেক এই ফরোয়ার্ড।
মিডোর মতে, কিংবদন্তি কোচ জোসে মরিনিও আবারও ফিরবেন রিয়াল মাদ্রিদে। রিয়ালে ফিরেই সালাহর দিকে হাত বাড়াবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের এই অনুমানের কথা জানিয়েছেন মিডো, ‘আমার কেন জানি মনে হচ্ছে, মরিনিও রিয়াল মাদ্রিদে ফিরে যাবেন এবং সালাহকে দলে নিয়ে আসবেন। জোসে মরিনিওর অধীন রিয়াল মাদ্রিদে সালাহকে খেলতে দেখতে আমার খুব ভালোই লাগবে।’
ইয়ুর্গেন ক্লপের অধীন নিজেকে খুঁজে পাওয়া সালাহ কখনো যে মরিনিওর অধীন খেলেননি, সেটা কিন্তু নয়। ২০১৪ সালে এই মরিনিওই এফসি বাসেল থেকে সালাহকে নিয়ে এসেছিলেন চেলসিতে। মরিনিওর চেলসিতে সালাহ যদিও পায়ের তলে মাটি খুঁজে পাননি। পরে পাড়ি জমান ইতালিয়ান সিরি ‘আ’তে, খেলেছেন ফিওরেন্তিনা ও রোমার মতো ক্লাবগুলোতে। এরপরই ২০১৭ সালে যোগ দেন লিভারপুলে।
প্যারিসে শনিবার অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। সেখানে মরিনিওর সাবেক দল রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়বে সালাহর লিভারপুল। ফাইনাল প্রাক্-সংবাদ সম্মেলনে সালাহ নিজেই বলেছেন, তিনি আগামী মৌসুমেও থাকছেন লিভারপুলে। এর আগে লিভারপুলের সঙ্গে তাঁর চুক্তি নবায়ন নিয়ে অনেক আলোচনা হয়েছে। টটেনহামের সন-হিউং মিনের সঙ্গে যৌথভাবে এ বছর প্রিমিয়ার লিগে ‘গোল্ডেন বুট’ পুরস্কারজয়ী সালাহ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি শুধু দল নিয়েই ভাবছি। চুক্তি নিয়ে কোনো কথা বলতে চাই না। তবে এটা নিশ্চিত থাকুন, আমি আগামী মৌসুমেও থাকছি (লিভারপুল)।’