রিয়ালে মুগ্ধ ক্যাপেলো
দুই দফায় রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন। দুবারই লা লিগা জিতিয়েছেন। তাঁর দলে খেলেছেন রাউল, ডেভর সুকার, নিস্টলরয়ের মতো তারকারা। কিন্তু ফ্যাবিও ক্যাপেলো তবু তাঁর সময়ের রিয়াল নয়, এগিয়ে রাখছেন কার্লো আনচেলত্তির এই রিয়ালকে। এতটাই যে রোনালদো-বেল-বেনজেমা আর রদ্রিগেজদের এই দলটাকে সর্বকালের অন্যতম সেরা বলতেও দ্বিধা নেই তাঁর!
দশম বারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতার পর থেকেই অবিশ্বাস্য ফর্মে আছে রিয়াল। এই মৌসুমে তো লা লিগা আর চ্যাম্পিয়নস লিগে স্রেফ উড়ছে কার্লো আনচেলত্তির দল। সব ধরনের প্রতিযোগিতায় টানা ২০ জয় নিয়ে গড়েছে নতুন স্প্যানিশ রেকর্ড। এই রিয়ালের কোনো দুর্বল দিকই চোখে পড়ছে না ক্যাপেলোর, ‘ওরা অন্য গ্রহের দল। আনচেলত্তি এ বছর অসাধারণ কাজ করেছে। ও এমন একটা দল গড়েছে, যারা বিশ্বাস করে তারাই সেরা। রিয়াল প্রতিটি ম্যাচ জেতার জন্য মুখিয়ে থাকে। দুর্দান্ত রক্ষণভাগ, অসাধারণ মাঝমাঠ এবং অসামান্য আক্রমণভাগ—সবই আছে ওদের। এই দলটা সম্ভবত সর্বকালের অন্যতম সেরাও।’
এই মুহূর্তে রিয়ালের সঙ্গে অন্য দলগুলোর ব্যবধান বোঝাতে গিয়ে বলছেন, ‘রিয়াল যেন যন্ত্র, অন্যরা শুধুই একটা দল। এমন দল যাদের দারুণ সব খেলোয়াড় আছে, কিন্তু রিয়ালের মতো যন্ত্র হয়ে উঠতে পারছে না।’ মার্কা।