রিয়ালে যাচ্ছেন পগবা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি...পল পগবাকে পেতে আগ্রহী ক্লাবের অভাব নেই। কিন্তু তাঁর এজেন্ট মিনো রাইওলার কথায় আভাস পাওয়া যাচ্ছে, রিয়ালই দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছে।
রোববার স্প্যানিশ দৈনিক মার্কায় প্রকাশিত প্রতিবেদনে অনেক যদি-কিন্তু দিয়েই রাইওলা বলেছেন, ‘আমরা রিয়ালের সঙ্গে কথা বলছি। কিছুই এখনো চূড়ান্ত হয়নি। দুই পক্ষই জানে তারা কী চায়। আরও পরে বোঝা যাবে, চুক্তি চূড়ান্ত হয়, নাকি বিচ্ছেদ ঘটে।’ বর্তমান ক্লাব জুভেন্টাসের সঙ্গে পগবার চুক্তি ২০১৯ সাল পর্যন্ত। আইএএনএস।
আরও দুটি ক্লাবের সঙ্গে আলাপ করার কথাও জানিয়েছেন রাইওলা। কিন্তু রিয়াল কিছুটা এগিয়ে আছে জিনেদিন জিদানের প্রভাবে, ‘পল ব্যালন ডি’অর জিততে চায়। রিয়াল সেটি জেতার জন্য অসাধারণ এক মঞ্চ। জিদানকেও ও খুব পছন্দ করে। এটা ওর সিদ্ধান্তে অনেক বড় প্রভাব ফেলতে পারে।’
২৩ বছর বয়সী পগবা এই মুহূর্তে ইউরোতে খেলছেন ফ্রান্সের হয়ে। সেখান থেকে ফিরলেই হয়তো পুরো চিত্রটা পরিষ্কার হয়ে যাবে—আসলেই রিয়াল হচ্ছে ফ্রেঞ্চ মিডফিল্ডারের চূড়ান্ত ঠিকানা? নাকি এর সবই সুপার-এজেন্ট খ্যাত রাইওলার অন্য ক্লাবগুলোকে তাগাদা দেওয়ার ফন্দি।