রিয়ালে যেও না, মানে-সালাহকে সাবেক রিয়াল তারকার হুঁশিয়ারি
>

লিভারপুলের সাফল্যের অন্যতম দুই কান্ডারি মোহাম্মদ সালাহ ও সাদিও মানে কে ক্লাব না ছাড়ার পরামর্শ দিয়েছেন সাবেক ফরাসি তারকা স্ট্রাইকার নিকোলাস আনেলকা
বেশ অনেক বছর ধরেই অলিখিত এই ধারাটা চলে এসেছে। বিশ্বের যেকোনো প্রান্তে কোনো খেলোয়াড় আলো ছড়ালে অধিকাংশ সময়েই ক্যারিয়ারের কোনো না কোনো পর্যায়ে তাঁরা হয় রিয়াল মাদ্রিদ না হয় বার্সেলোনায় নাম লেখায়। স্পেনের এই দুটি ক্লাব এখনো বিশ্বের অধিকাংশ খেলোয়াড়ের কাছেই মোক্ষধাম। সেই স্টেফানো-পুসকাস থেকে শুরু করে ক্রুইফ, রোমারিও, রিভালদো, রোনালদো, রোনালদিনহো, জিদান, বেকহাম, ওয়েন, ফিগো, কার্লোস-সবাই এই ধারা বজায় রেখেছেন। কেউ সফল হয়েছেন, কেউ ব্যর্থ।
লিভারপুলের সাম্প্রতিক উত্তরণের দুই সারথি মোহাম্মদ সালাহ ও সাদিও মানেকেও দলে নেওয়ার জন্য ভাবছে রিয়াল মাদ্রিদ, এমনটাই শোনা যাচ্ছে গত কয়েক বছর ধরে। কিন্তু লিভারপুলের তারকাখ্যাতি দূরে ঠেলে দিয়ে মানে বা সালাহ কেন রিয়ালে যোগ দিতে চাইবেন, তার কোনো কারণই খুঁজে পাচ্ছেন না আনেলকা। রিয়ালে খেলে যাওয়া আনেলকার মতে, ফুটবলে এখন ট্রফি জিততে রিয়ালে যাওয়ার দরকার নেই। মানে বা সালাহ চাইলে লিভারপুলেই জিততে পারবেন, 'এখন লিভারপুল চাইলেই রিয়াল মাদ্রিদের সঙ্গে টক্কর দিতে পারবে। ওদের (মানে, সালাহ) তাই ক্লাব বদল করার কোনো মানেই দেখি না। লিভারপুলের আক্রমণভাগ এখন দুর্দান্ত। আমি ওদের সবাইকে পছন্দ করি। বিশেষ করে রবার্তো ফিরমিনোকে, যার জন্য মানে ও সালাহ সাফল্য পাচ্ছে। বিশ্বের শীর্ষ পাঁচ খেলোয়াড়ের তালিকায় মানে ও সালাহ থাকবেই। রিয়াল মাদ্রিদে খেলার মতো সামর্থ্য আছে তাঁদের। তবে এটাও সত্যি কথা, ট্রফি জয়ের জন্য এখন লিভারপুলের ক্ষমতা রিয়াল মাদ্রিদের সমান। তাই খামোখা ক্লাব বদল করার দরকার নেই। লিভারপুলে থেকেই তাঁরা যেকোনো শিরোপা জিততে পারবে।'
লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ নিয়েও প্রশংসা ঝরেছে আনেলকার কণ্ঠ থেকে, 'ক্লপ একজন জিনিয়াস। ও যা কাজ করছে, আমি তা পছন্দ করি। ও যেভাবে খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক রাখে তার ভক্ত আমি। ওর প্রত্যেকটা খেলোয়াড়ই কার্যকরী। যেসব খেলোয়াড়কে দলে এনেছে, সবাই ভালো করছে। ওরা ট্রফির জন্য লড়াই চালিয়ে যাবে। ক্লপ লিভারপুলকে আবারও সেই জায়গায় নিয়ে এসেছে যে জায়গায় ওদের সব সময় থাকা উচিত।'
আনেলকা নিজেও আর্সেনালে ঝলক দেখিয়ে নাম লিখিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। তবে তাঁর জন্য সে দলবদলটা সুফল বয়ে আনেনি। রিয়ালে যে এক মৌসুম ছিলেন, রাউল গঞ্জালেস, স্টিভ ম্যাকম্যানামান, ফার্নান্দো মরিয়েন্তেসের কারণে তেমন সুযোগ পাননি। সুযোগ পেলেও, ঝলক দেখাতে পারেননি। ফলে এক মৌসুম পরেই আবারও পিএসজিতে ফেরত যান। পরে ম্যানচেস্টার সিটি, বোল্টন ওয়ান্ডারার্স ও চেলসিতে খেলে নিজের ক্যারিয়ারে সুদিন ফিরিয়ে আনেন আনেলকা। দুই দশক আগে নিজে যা ভুল করেছিলেন, আনেলকা চান না সে ভুল মানে বা সালাহ করুক।
চলতি মৌসুমে ১৯ গোল ও ৯টি অ্যাসিস্ট করেছেন সালাহ। মানের গোল ১৭ টি, কিন্তু অ্যাসিস্ট ৭টি। তিরিশ বছর পর লিভারপুলকে লিগ জেতানোর এরা দুজনই রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।