মোটা অঙ্কের বেতন তো আছেই। সারাক্ষণ থাকবেন পাদপ্রদীপের আলোয়। রিয়াল মাদ্রিদের কোচের প্রস্তাব পেলে কে ফিরিয়ে দেবেন? এমন পাগল কেউ আছে নাকি দুনিয়ায়! আরে আছে তো। মাদ্রিদ শহরেই এখন তাঁর বসবাস। এই ‘পাগল’ আর কেউ নন, অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে।
খেলোয়াড়ি জীবনে একটা দীর্ঘ সময় কাটিয়েছেন অ্যাটলেটিকোতে। ২০১১ সালে আবার কোচ হয়ে ফেরেন এই ক্লাবে। রিয়ালের ছায়ায় থাকা মাদ্রিদের ক্লাবটিকে একটি স্প্যানিশ লিগ, কোপা ডেল রেসহ জেতান পাঁচটি শিরোপা। দুবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও তোলেন দলকে। ইউরোপের ক্লাব ফুটবলে শীর্ষ কোচদের একজন হিসেবে ধরা হয় তাঁকে। বড় বড় ক্লাব থেকে প্রস্তাবও পেয়েছেন অনেক। কিন্তু অ্যাটলেটিকো ছাড়েননি।
রিয়াল থেকে প্রস্তাব পেলে কি যাবেন? সময় না নিয়েই সিমিওনের উত্তর, ‘আমি কখনোই রিয়াল মাদ্রিদের কোচ হব না। রিয়াল নিয়ে আমার যে অনুভূতি, সে কারণেই এই সিদ্ধান্তটা যৌক্তিক। তারাও আমাকে কখনো ডাকবে না।’ তবে কোনো একদিন নিজের দেশ আর্জেন্টিনার কোচ হওয়ার স্বপ্ন দেখেন সিমিওনে। গোলডটকম।