রিয়ালে যেতে মরিয়া বার্সার ঘরের ছেলে!

লুইস ফিগোর বদলির ঘটনা নিশ্চয়ই ভুলে যাননি। বার্সেলোনা–সমর্থকেরা কিছুতেই মেনে নিতে পারেনি ফিগো তাদের ঘর ছেড়ে নাম লেখাবে কিনা রিয়াল মাদ্রিদে! চূড়ান্ত অপমান করা হয়েছিল ফিগোর দিকে শূকরের কাটা মাথা ছুড়ে। বার্সা থেকে রিয়ালে নাম লেখানো খেলোয়াড়ের সংখ্যাটা খুব বেশি না হলেও কমও নয়। স্যামুয়েল ইতোর মতোও অনেকে বার্সায় এসে নাম করেছিলেন, যাঁরা একসময় খেলেছেন রিয়ালে। এসব বদলিতে তেমন হইচই না হলেও সেস ফ্যাব্রিগাসকে নিয়ে একটা শোরগোল পড়তেই পারে। গুঞ্জন শোনা যাচ্ছে, ফ্যাব্রিগাস মরিয়া হয়েই চাইছেন রিয়ালে ভিড়ে যেতে।
কাল চেলসির প্রথম ম্যাচের একাদশে জায়গা হয়নি ফ্যাব্রিগাসের। কোচ আন্তোনিও কন্তের সঙ্গে নিজের ভবিষ্যতের ব্যাপারে এই স্প্যানিশ মিডফিল্ডার কী কথা বলেছেন কে জানে। তবে তাঁর এজেন্ট নাকি এরই মধ্যে রিয়ালের সঙ্গে কথা শুরু করে দিয়েছে। রিয়াল ফ্যাব্রিগাসের ব্যাপারে কতটা আগ্রহী জানা যায়নি। তবে হিসাব মিলে গেলে বার্সার একাডেমিতে তৈরি হওয়া ফ্যাব্রিগাস চলে যেতে পারেন মাদ্রিদের ক্লাবটিতে। চেলসিও ফ্যাব্রিগাসকে বেচে দিতেই আগ্রহী।
মাত্র ১০ বছর বয়সে বার্সার বিখ্যাত লা ম্যাসিয়ায় এসেছিলেন ফ্যাব্রিগাস। মেসি-পিকেদের শৈশবের বন্ধুই ছিলেন। যদিও সিনিয়র ফুটবলে তাঁর অভিষেক আর্সেনালের হয়ে, ২০০৩ সালে। শুধু তা-ই নয়; আট বছর ক্লাবটিতে খেলেছেন, বেশ সফলও ছিলেন। পেপ গার্দিওলার ডাকে নিজের শৈশবের ক্লাবে ফিরে আসেন ২০১১ সালে। কিন্তু বার্সায় আসার পর থেকেই যেন ছন্দ হারানোর শুরু। ২০১৪ সালে চেলসিতে নাম লিখিয়ে ফিরে আসেন ইংলিশ ফুটবলে। কিন্তু ফ্যাব্রিগাস এখনো নিজের হারানো ছন্দ খুঁজে পাননি।
নিজের ক্যারিয়ার বাঁচাতে শেষ দান হিসেবেই নাকি তিনি রিয়ালে চলে যেতে চাইছেন। না হলে ২৯ বছর বয়সী এই মিডফিল্ডারের আন্তর্জাতিক ক্যারিয়ারও পড়ে যেতে পারে সংশয়ে। তবে টনি ক্রুস, লুকা মডরিচদের রাজত্বে কীভাবে জায়গা করে নেবেন, তাও নিশ্চিত নয়। যেমন নিশ্চিত নয়, চেলসি যে দর হাঁকাবে, রিয়াল সেই দামটাই দিতে রাজি হবে কি না।
সবচেয়ে বড় কথা, বার্সা এখনো ফ্যাব্রিগাসকে যে চোখে দেখে, রিয়ালের জার্সিতে তাঁকে দেখে নিশ্চয়ই খুশি হবে না অনেকে। আর ফ্যাবিগ্রাসও বুঝে গেছেন, নিজের নাড়িপোঁতা ঘরেও ঠিক ছন্দ মেলাতে পারবেন না। সব মিলিয়ে একসময় তাঁর প্রজন্মের অন্যতম প্রতিভাবান বলে বিবেচিত এই খেলোয়াড়ের ক্যারিয়ার যে একটা জটিল ধাঁধায় পড়ে গেছে, তাতে সন্দেহ নেই!