রিয়ালে সুখী সংসার গড়ার স্বপ্ন দেখছেন আনচেলত্তি
ফ্লোরেন্তিনো পেরেজ কখনো দাবাড়ু হতে চেয়েছিলেন কি না জানা যায়নি, তবে রিয়াল মাদ্রিদ সভাপতি পুরোদস্তুর ব্যবসায়ী দাবার চাল ভালোই দিতে জানেন। রিয়াল মাদ্রিদের দায়িত্ব থেকে সরে যাওয়ার পর জিনেদিন জিদান যে জ্বলাময়ী বিদায়ী বার্তা পাঠিয়েছেন, তাতে সমর্থকগোষ্ঠীর মধ্যে আগুন জ্বলে উঠেছিল। শুধু তা–ই নয়, রিয়াল মাদ্রিদ সভাপতি ও পরিচালকদের নিয়ে যে ইঙ্গিত ছিল জিদানের কথায়, তাতে কোনো প্রতিষ্ঠিত কোচ শিগগির রিয়ালে যাবেন, এমন আশা করা কঠিন হয়ে উঠেছিল।
এ অবস্থায় পেরেজ দুর্দান্ত এক চাল চেলেছেন। কোচ হিসেবে তড়িঘড়ি করে ডেকে আনা হয়েছে কার্লো আনচেলত্তিকে। এক যুগ পর রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ এনে দিয়েছেন বলে এমনিতেই ক্লাবের সমর্থকেরা আনচেলত্তিকে শ্রদ্ধা করেন। বরাবরই রিয়ালের প্রতি ভালোবাসা জানিয়ে এসেছেন বলে রিয়াল ছাড়ার পরও তাঁর প্রতি সমর্থকদের ভালোবাসা কমেনি। তিনটি চ্যাম্পিয়নস লিগজয়ী এক কোচের বিদায়ের কারণে সৃষ্ট শূন্যস্থান পেরেজ তাই এমন কোচ দিয়েই পূরণ করলেন, যার দখলেও আছে তিনটি চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন মেডেল!
তবে পেরেজ আরও একটি কারণে আনচেলত্তিকে ডেকে পাঠিয়েছেন। দ্বিতীয় মেয়াদে নিজের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সে উদ্দেশ্য পূর্ণ করেছেন আনচেলত্তি। সব বিতর্কিত বিষয়ই আনচেলত্তি সমাধানের আশ্বাস দিয়েছেন।
আনচেলত্তির প্রথম মেয়াদের সঙ্গে দ্বিতীয় মেয়াদে অনেক পার্থক্য আছে। প্রথম মেয়াদে দুর্দান্ত এক স্কোয়াড পেয়েছিলেন আনচেলত্তি। পরিপূর্ণ এক স্কোয়াড ছিল। ইকার ক্যাসিয়াস, ক্রিস্টিয়ানো রোনালদো, সের্হিও রামোস, জাবি আলোনসো, লুকা মদরিচ, মার্সেলো, পেপে, করিম বেনজেমা, আনহেল দি মারিয়ার মতো খেলোয়াড় ছিলেন। সেই স্কোয়াডেও প্রথম দলবদলে যোগ দিয়েছিলেন গ্যারেথ বেল, ইস্কো, ইয়ারামেন্দিরা। এমন দল পেয়েই তো রিয়ালকে লা দেসিমা এনে দিয়েছিলেন আনচেলত্তি।
এবার স্কোয়াডের দিকে তাকালে অনেককেই খুঁজে পাবেন না আনচেলত্তি। রোনালদো নেই; মদরিচ, মার্সেলো, বেনজেমারা আছেন, তবে তাঁদের বয়স ৮ বছর বেড়েছে। দলে বেনজেমা ছাড়া গোল করার কেউ নেই। রক্ষণে রামোসের চুক্তির মেয়াদ প্রায় শেষ। ইস্কো-মার্সেলোরা তো এতটাই বাজে খেলছেন, জিদানের প্রিয় হয়েও জায়গা হারিয়েছেন একাদশে। গ্যারেথ বেলকে ধারের নাম করে একপ্রকার তাড়িয়ে দেওয়া হয়েছে। দলবদলের বাজারে খুব বেশি খরচ করার মতো আর্থিক শক্তিও নেই। এমন অবস্থায় তাই আনচেলত্তিকে কঠিন পরীক্ষাই দিতে হবে।
আনচেলত্তি অবশ্য নিজের ঢঙেই এত সব সমস্যার সমাধান করতে চাইছেন, ‘আমি এখানে ফিরতে পেরে খুব খুব খুশি। এ ক্লাবকে নিজের ঘর মনে হয়। অতীতে যা করেছি, সেটা আবার করার জন্য সব শক্তি খরচ করতে চাই। এখানে যে দুই বছর কাটিয়েছি, তার দারুণ স্মৃতি আছে আমার—ট্রফি, সবার সঙ্গে আমার সম্পর্ক।’
খেলোয়াড়দের সঙ্গে দারুণ সম্পর্ক—এটা বরাবরই আনচেলত্তির শক্তি ছিল। আর সে শক্তি কাজে লাগিয়ে রামোসকে ধরে রাখার চেষ্টা করবেন তিনি। ক্লাবের সঙ্গে চুক্তি নবায়নের শর্তে বনিবনা না হওয়ায় এই জুলাইয়ে ক্লাব ছাড়তে পারেন রামোস।
নচেলত্তি ইঙ্গিত দিলেন, ‘আমি মাত্রই এসেছি এবং এ ব্যাপারে আগামী কয়েক দিনে ক্লাবের সঙ্গে কথা বলব। এখনো খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে কথা বলার সুযোগ হয়নি। আমি তো আনচেলত্তিহীন রিয়াল মাদ্রিদের কথা চিন্তাও করতে পারতাম না, কিন্তু সেটা হয়েছে (রামোসের ক্ষেত্রেও হতে পারে)। স্কোয়াড নিয়ে কথা বলার সুযোগ পাইনি, তবে ফিরতে পেরে এবং আগে যাদের সঙ্গে কাজ করছি, তাদের সঙ্গে কাজ করতে পারব ভেবে ভালো লাগছে।’ স্প্যানিশ সংবাদমাধ্যমে যদিও গুঞ্জন শোনা যাচ্ছে, রিয়ালের দায়িত্ব পেয়েই রামোসের সঙ্গে যোগাযোগ করে তাঁকে ধরে রাখার চেষ্টা চালিয়েছেন আনচেলত্তি।
দলের দায়িত্ব নিয়েই রিয়ালকে আক্রমণাত্মক ফুটবল খেলাবেন বলে কথা দিয়েছেন আনচেলত্তি। সেটা জিদান করতে চাইলেও এই স্কোয়াড নিয়ে কাজটা যে প্রায় অসম্ভব, সেটা গত তিন বছরে টের পাওয়া গেছে। দলে তারকা স্ট্রাইকার কেনা হবে, এমন আশ্বাস নতুন কোচ দিতে পারছেন না। জানিয়েছেন, এ ব্যাপারে এখনো কথা হয়নি ক্লাবের সঙ্গে। যদিও এটা ‘ওপেন সিক্রেট,’ ‘খেলোয়াড় কিনতেই হবে’—এমন দাবি তোলেন না বলেই আনচেলত্তিকে ফিরিয়েছেন পেরেজ।
আনচেলত্তি নিজেও ইঙ্গিত দিয়েছেন, হাতে থাকা খেলোয়াড়দের নিয়েই এগোতে চাইছে। খেলতে চাইছেন আক্রমণাত্মক, আকর্ষণীয় ফুটবল। অন্তত দলে ব্রাত্য হয়ে পড়া তিন খেলোয়াড় প্রসঙ্গে যা বলেছেন, তাতে সে ইঙ্গিতই মিলছে, ‘বেল, ইস্কো ও মার্সেলোর জন্য আমার অনেক ভালোবাসা। ওরা রিয়াল মাদ্রিদের খেলোয়াড় এবং এটাই ওদের অনুপ্রেরণার জন্য যথেষ্ট। আমি এই স্কোয়াডকে ভালোভাবেই চিনি। যারা ধার থেকে ফিরছে, তাদেরও। আমাদের হাতে অনেক সুযোগ আছে। আর প্রথমবার যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন কাস্তিয়া থেকে চারজন খেলোয়াড় আনা হয়েছিল—মোরাতা, নাচো, কাসেমিরো ও হেসে। ওরা খুব ভালো করেছে। কারভাহালও বায়ার লেভারকুসেন থেকে ফিরেছিল। তরুণদের আগ্রহ আর বয়সীদের অভিজ্ঞতা মিলিয়ে দারুণ করেছি আমরা।’
সবই ঠিক আছে, কিন্তু গোল করার তো লোক খুঁজে পেতে হবে আনচেলত্তিকে। টানা তিন মৌসুম ধরে লিগে ম্যাচপ্রতি দুই গোল করতে ব্যর্থ রিয়াল মাদ্রিদ। শুধু বেনজেমাই (মৌসুমে গড়ে ২৯ গোল) গোল করছেন। এ অবস্থায় নিজের পুরোনো দুই তারকার ওপরই ভরসা রাখছেন আনচেলত্তি, ‘গ্যারেথ গত মৌসুমে খুব বেশি খেলেনি, কিন্তু অনেক গোল করেছে। আমি ওকে ভালো মতো চিনি। ও যখন অনুপ্রাণিত থাকে, সে দারুণ মৌসুম কাটায়, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। বেনজেমাকে ৩০ নয়, ৫০ গোল করতে হবে। ভিনিসিয়ুসকে আরও গোল করতে হবে। সবাইকেই আরও বেশি গোল করতে হবে।’
গোল করার প্রসঙ্গ যখন আসে, তখন অবধারিতভাবে আসে রোনালদোর কথাও। এরই মধ্যে পর্তুগিজ তারকার জুভেন্টাস ছাড়ার কথা শোনা যাচ্ছে। রিয়ালে ফেরার কথাও তাই শোনা যাচ্ছে। আর আনচেলত্তি কোচ হিসেবে ফেরার সম্ভাবনা বাড়ছেই। কিন্তু নতুন কোচ এ নিয়ে আশার বেলুন ওড়াতে মানা করেছেন, ‘ক্রিস্টিয়ানোকে অনেক ভালোবাসি, কিন্তু অন্য ক্লাবের খেলোয়াড় নিয়ে আমি কথা বলতে চাই না। ওর জুভেন্টাসের সঙ্গে চুক্তি আছে। অন্য ক্লাবের সঙ্গে চুক্তি থাকা অবস্থায় এ ব্যাপারে কথা বলা উচিত বলেও মনে করি না।’
রোনালদোর অভাব রিয়াল একজনকে দিয়ে পূরণ করতে চেয়েছিল। কিন্তু ক্লাবের সবচেয়ে দামি খেলোয়াড় এডেন হ্যাজার্ড সে দায়িত্ব পালনে ব্যর্থ। তাঁকে যিনি ক্লাবে এনেছেন, সেই জিদানও চলে গেছেন। এ অবস্থায় রিয়ালে হ্যাজার্ডের ভবিষ্যৎ কি অনিশ্চিত হয়ে গেল? আনচেলত্তি অবশ্য অন্য কিছু বলছেন, ‘সে শীর্ষ মানের খেলোয়াড়। ওর কিছু সমস্যা ছিল। প্রথম বছরে খুব বাজে চোট পেয়েছে এবং ওর সেরাটা দিতে পারছে না। তবে আমার ধারণা সে পারবে।’