রিয়ালে হারে অভিষেক নাভাসের
ইকার ক্যাসিয়াস ও ডিয়েগো লোপেজের মতো দুই গোলরক্ষক থাকতেও এই মৌসুমে কেইলর নাভাসকে দলে টেনে এনেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু বিশ্বকাপে আলো ছড়ানো কোস্টারিকান গোলরক্ষকের রিয়াল অভিষেকটা হলো হার দিয়ে। এ মাসেই যোগ দেওয়ার পর পরশু ফিওরেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচটাই ছিল রিয়ালের হয়ে নাভাসের প্রথম গোলবারের নিচে দাঁড়ানো। ওয়ারশতে যে ম্যাচে সদ্যই উয়েফা সুপার কাপ জেতা রিয়াল হেরে গেছে ২-১ গোলে। দুর্দান্ত শুরুর পর রিয়ালই অবশ্য প্রথম এগিয়ে যায় ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে। কিন্তু ২৭ মিনিটে তাঁর গোলটা শোধ করে দেন ফিওরেন্টিনার জার্মান ফরোয়ার্ড মারিও গোমেজ। ৬৯ মিনিটে ইতালিয়ান দলটির জয়সূচক গোলটি করেন মার্কোস আলোনসো। যদিও রিয়ালের অ্যাঙ্গেল ডি মারিয়া ও করিম বেনজেমা দুবার জালে বল পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়েছে। আগামীকাল স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল। তার আগে এই হারটা কি একটু হলেও কার্লো আনচেলত্তির দলের আত্মবিশ্বাসটা নাড়িয়ে দিল! গোলডটকম।