রিয়ালেই রইলেন রামোস

বেতনের অঙ্ক নিয়ে বনিবনা না হওয়ায় চুক্তির নবায়ন আটকে ছিল। ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাচ্ছেন, মাস দুয়েক ধরে এমন গুঞ্জনও ছিল সংবাদমাধ্যমে। গুঞ্জনে পানি ঢেলে দিলেন সার্জিও রামোস নিজেই। নতুন করে পাঁচ বছরের জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি করেছেন স্প্যানিশ ডিফেন্ডার।
সান্তিয়াগো বার্নাব্যুর প্রেসিডেন্সিয়াল বক্সে কাল চুক্তি নবায়ন উপলক্ষে উপস্থিত ছিলেন মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও। নতুন খেলোয়াড়ের মতোই সংবাদমাধ্যমের সামনে রামোসকে উপস্থাপন করা হয়েছে। ২০২০ সাল পর্যন্ত এই চুক্তি অনুযায়ী কর ছাড়া রামোসের বার্ষিক আয় হবে ১ কোটি ৩৬ লাখ ইউরো।
রামোসের ইউনাইটেডে যাওয়া নিয়ে নাটক চলছিল গত জুন থেকেই। ইউনাইটেড কোচ লুই ফন গাল দলে আনতে চাইছিলেন তাঁকে, আর রিয়ালের চাওয়া ছিল ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গেয়া। দুটি ক্লাবই চাইছিল নিজেদের খেলোয়াড় না ছেড়ে অন্য খেলোয়াড়টিকে নিয়ে আসতে। ডি গেয়া-রামোসকে ঘিরে রিয়াল-ইউনাইটেডে ছিল দ্বিমুখী টানাপোড়েন। রামোসের জন্য ইউনাইটেডের কাছে প্রায় ৬ কোটি ৪০ লাখ পাউন্ডও দাবি করেছিল রিয়াল।
রামোস তো রইলেনই, রিয়ালের ঘরে আসছেন নতুন এক খেলোয়াড়—ইন্টার মিলানের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মাতেও কোভাচিচ। চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতাই শুধু বাকি। কোভাচিচকে বেচতে খুব একটা সায় ছিল না রবার্তো মানচিনির। উয়েফার আর্থিক সমতা নীতি মানতে গিয়েই ২১ বছর বয়সী মিডফিল্ডারকে ছাড়তে বাধ্য হয়েছেন ইন্টারের কোচ। গত মে মাসেই ওই আর্থিক নীতি ভেঙে প্রায় ২ কোটি ইউরো জরিমানা গুনেছিল ইন্টার। এই গ্রীষ্মে ৪ কোটি ইউরোতে জিওফ্রে কন্ডোগবিয়ার সঙ্গে ইয়োভেটিচ-মনতোয়াকে দলে আনায় বেতনের টাকাটা বেড়ে গেছে ইন্টারের। একই নীতির বাধ্যবাধকতায় কোভাচিচের আগে সুইস ফরোয়ার্ড জেরদান শাকিরিকেও স্টোক সিটির কাছে বিক্রি করেছে সান সিরোর ক্লাবটি।
মাঠ ও মাঠের বাইরের ঝামেলায় অস্থির একটি সপ্তাহ পার করছে চেলসি। আবদুল বাবা রহমানের দলে যোগ দেওয়াটা কিছুটা স্বস্তিই দেবে ইংলিশ চ্যাম্পিয়নদের। প্রায় ১ কোটি ৯৮ লাখ ইউরোতে জার্মান ক্লাব অগসবুর্গ থেকে উদীয়মান এই ঘানাইয়ান লেফটব্যাককে দলে নিয়ে এসেছে তারা। এএফপি, গোলডটকম।