রিয়ালের অনুকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটাই কি তবে বার্সেলোনার বিপক্ষে জয়ের পর উদ্যাপনের নতুন ‘ট্রেডমার্ক’ হয়ে গেল? রিয়াল মাদ্রিদের পর ভ্যালেন্সিয়াও বার্সেলোনাকে হারিয়ে দিয়ে একই কায়দায় উদ্যাপন করায় সেটি মনে হতেই পারে। এ মাসের শুরুতে এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ২-১ গোলে হারানোর পর ড্রেসিংরুমে একটা গ্রুপ ছবি তুলেছিলেন উল্লসিত রিয়াল খেলোয়াড়েরা। যে ছবিতে ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখা গিয়েছিল শুধু অন্তর্বাস পরা অবস্থায়। তাঁর সতীর্থ গ্যারেথ বেল সেই ছবিটি ইনস্টাগ্রামে প্রকাশ করার পর তা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। পরশু বার্সেলোনাকে হারিয়েছে ভ্যালেন্সিয়াও। জয়ের পর ভ্যালেন্সিয়ার খেলোয়াড়েরাও ড্রেসিংরুমে উদ্যাপনের ছবি তুললেন একই কায়দায়, যেখানে ‘রোনালদো’ সেজেছেন ভ্যালেন্সিয়া ডিফেন্ডার আয়মেন আবদেনর। তবে তিনি অবশ্য অন্তর্বাস পর্যন্ত যাননি, আদুল গায়ে শর্টস পরা অবস্থায় দিয়েছেন রোনালদোর পোজ। এ ছবিটাও যে ভাইরাল হতে যাচ্ছে, তা কি আর বলার অপেক্ষা রাখে! মার্কা।