রিয়ালের অপমানজনক গার্ড অব অনার চায় না বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ালকে প্রায় এক দশক আগে গার্ড অব অনার দিয়েছিল বার্সেলোনা। ফাইল ছবি
রিয়ালকে প্রায় এক দশক আগে গার্ড অব অনার দিয়েছিল বার্সেলোনা। ফাইল ছবি

ঘনিয়ে আসা এল ক্লাসিকো নিয়ে কোনো রোমাঞ্চ নেই। আছে কেবল কৌতূহল। এবার কি বার্সেলোনাকে গার্ড অব অনার দেবে রিয়াল মাদ্রিদ? বেশ ভালো সম্ভাবনা আছে বার্সেলোনা আজই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে। বার্সেলোনা এর পরের ম্যাচটা খেলবে রিয়ালের বিপক্ষে। প্রথা অনুযায়ী সেই ম্যাচে বার্সেলোনাকে গার্ড অব অনার রিয়াল মাদ্রিদ দেবে কি না, তা নিয়েই চলছে বিতর্ক।

বিতর্ক বার্সেলোনাই উসকে দিয়েছে। গত ক্লাব বিশ্বকাপ জিতে আসার পরের ম্যাচে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার মুখোমুখি হয়েছিল। তখন ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছিলেন, বার্সেলোনা গার্ড অব অনার দিলে তাঁদের ভালো লাগবে। তবে ম্যাচের আগে বার্সা জানিয়েছিল, তারা রিয়ালকে গার্ড অব অনার দেবে না। দেয়ওনি। এবার রিয়াল কেন দেবে? এটাই রিয়াল শিবিরের যুক্তি।

স্প্যানিশ ফুটবলের প্রথা হলো, কোনো দল কোনো শিরোপা জেতার পরের ম্যাচে গার্ড অব অনার পায়। প্রতিপক্ষের ম্যাচ শুরুর আগে খেলোয়াড়েরা মাঠে ঢোকার মুখে দুই পাশে সারি বেঁধে দাঁড়ান। তাঁদের মাঝখান দিয়ে হেঁটে প্রবেশ করে বিজয়ী দলটি। এ সময় করতালি দিয়ে অভিবাদন জানানো হয়। রিয়াল-বার্সাও পরস্পরকে এর আগে গার্ড অব অনার দিয়েছে।

কিন্তু বিষয়টি আর সম্মান জানানোর মধ্যে নেই। নেই প্রীতির বার্তা ছড়ানোর প্রতীক হিসেবে। অন্তত বার্সেলোনা কোচ তা-ই মনে করেন। আর্নেস্তো ভালভার্দের মতে, এখন রিয়াল আর বার্সার মধ্যে গার্ড অব অনার বিষয়টি যতটা না বিজয়ী দলকে সম্মান জানানো, তার চেয়ে বেশি অন্য দলকে অপমান করার হাতিয়ার হয়ে উঠেছে।

কাল বার্সেলোনা কোচ বলেছেন, ‘অনেকেই দেখছি এই গার্ড অব অনার নিয়ে অনেক কথা বলছে। আমরা যখন সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে গেলাম, তখনো এ নিয়ে অনেক কথা হয়েছিল। আসলে গার্ড অনার দেওয়া হবে কি না, সেটি যে দল দেবে সেই দলের সিদ্ধান্ত। তবে আমার কাছে মনে হয় গার্ড অব অনার ব্যাপারটি ছিল প্রতিপক্ষ খেলোয়াড়দের সম্মান জানানোর বিষয়। তবে এখন এটা কেমন জানি হয়ে গেছে। বিশেষ করে বার্সা ও মাদ্রিদের মধ্যে, এই দুই দলের মধ্যে যে লড়াই জড়িয়ে আছে, সেটার কারণে। এখন এর পেছনে অদ্ভুত এক অনুভূতি কাজ করে। এটা এক দলকে সম্মান জানানোর চেয়ে অনেক বেশি অন্য দলকে অপমান করার উপায় হয়ে উঠেছে।’

বার্সেলোনার একটি অংশ অবশ্য বলছে, রিয়ালকে তারা গার্ড অব অনার একেবারেই দেবে না, এমনটা বলেনি। রিয়াল অন্য একটি প্রতিযোগিতার ট্রফি জিতে এসেছিল বলেই গত ডিসেম্বরের এল ক্লাসিকোতে  তাদের গার্ড অব অনার দেওয়া হয়নি। লিগ জেতার পর রিয়াল লিগেই তাদের মুখোমুখি হলে অবশ্য তাদের গার্ড অব অনার দেওয়া হতো। এখন বার্সা যেহেতু লিগ জিতেছে, রিয়ালের উচিত হবে প্রথাকে সম্মান জানানো। যদিও জিনেদিন জিদান এরই মধ্যে বলে দিয়েছেন, ৬ মের লিগে ফিরতি ম্যাচে গার্ড অব অনার তাঁরা দেবেন না।

কাল বার্সেলোনার সংবাদ সম্মেলনে রিয়ালের এই ইচ্ছার প্রসঙ্গ বেশ কয়বার উঠেছে। একপর্যায়ে ভালভার্দে তো বলেই বসলেন, ‘হায় খোদা, এটা তো আমাকে পাগল করে ছাড়বে। ঘুরেফিরে সেই একই কথা, গার্ড অব অনার। এই প্রসঙ্গ বাদ দেওয়া যায় না? এটা খুবই সামান্য বিষয়। গার্ড অব অনার দেওয়া হোক বা না হোক, এতে আমাদের কোনো সম্মান নেই।’

ভালভার্দে বরং মনে করেন, আসল গার্ড অব অনার দেওয়া উচিত আন্দ্রেস ইনিয়েস্তাকে। বিদায় ঘোষণার পর বার্সেলোনার জার্সিতে এটাই তাঁর প্রথম ম্যাচ। আর খুব বেশি দিন দেখা যাবে না এই জার্সিতে। কোথায় যাবেন তা নিশ্চিত নয়, তবে স্পেনের কোনো ক্লাব তো বটেই, ইনিয়েস্তা ইউরোপেও থাকতে চান না। পাছে বার্সেলোনার বিপক্ষেই খেলতে হয়! এই ভালোবাসার প্রতিদান, স্পেনের ফুটবলকে এত এত কিছু দেওয়ার প্রতিদান হিসেবে আজকের ম্যাচে পুরো গ্যালারিকে উঠে দাঁড়িয়ে সম্মান দেখানোর অনুরোধ করেছেন ভালভার্দে।

তা তিনি না বললেও হতো! বাংলাদেশ সময় রাত পৌনে একটায় দেপোর্তিভো লা করুনিয়ার মাঠে খেলতে নামবে বার্সা।