রিয়ালের আছে অ্যাসেনসিও
জিনেদিন জিদানের সৌভাগ্য—দলে পেয়েছেন একজন মার্কো অ্যাসেনসিওকে। পরশু ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটিতে এই অ্যাসেনসিওই একটা পয়েন্ট এনে দিয়েছেন রিয়াল মাদ্রিদকে। জিদানের দুর্ভাগ্য—তাঁর দলে একজন করিম বেনজেমাও আছেন। যাঁর কারণে সান্তিয়াগো বার্নাব্যুর ওই ম্যাচটা থেকে ৩ পয়েন্ট নিয়ে ফিরতে পারল না রিয়াল। একদিকে অ্যাসেনসিওর সর্বস্ব উজাড় করা পারফরম্যান্স, জোড়া গোল। অন্যদিকে বেনজেমার একের পর এক গোল নষ্ট করার মহড়া। দুইয়ে মিলে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ঘরের মাঠে ২-২ ড্র করতে হলো বর্তমান চ্যাম্পিয়নদের।
ম্যাচের আগেই গত মৌসুমের লা লিগার ট্রফিটা আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় রিয়ালের দুই অধিনায়ক সার্জিও রামোস ও মার্সেলোর হাতে। সঙ্গে ছিল কদিন আগেই জেতা স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা সুপার কাপের ট্রফি। এই আনন্দের রেশ থাকতে থাকতেই ম্যাচের ১০ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন অ্যাসেনসিও। এই গোল রিয়ালকে নিয়ে গেল ইতিহাসেও। ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে টানা ৭০ ম্যাচে গোল পেল রিয়াল। ৮ মিনিট পরই অবশ্য ভ্যালেন্সিয়ার হয়ে গোলটি শোধ করে দেন কার্লোস সোলের। এরপর ৭৭ মিনিটে দলটি এগিয়ে যায় ইন্টার মিলান থেকে আসা কনদগবিয়ার গোলে। যদিও এর মাঝে রিয়ালের হয়ে একের পর এক সুযোগ নষ্ট করে গেছেন বেনজেমা-ইসকোরা।
বেনজেমার ব্যর্থতাই বেশি পোড়াবে জিদানকে। এত সহজ সুযোগ নষ্ট করেছেন যে রিয়াল সমর্থকদের দুয়োই শুনতে হয়েছে। ৮২ মিনিটে আরও একটা দুর্দান্ত শটে ২-২ করেন অ্যাসেনসিও। গোল নষ্ট করার নেশায় পেয়ে বসা বেনজেমা ফাঁকায় বল পেয়েও মেরে দিয়েছেন বাইরে।
তবে ম্যাচ শেষে ফরাসি স্ট্রাইকারের পাশেই দাঁড়িয়েছেন জিদান, ‘আজ (পরশু) রাতে সে (বেনজেমা) গোল করতে পারেনি। কিন্তু এমনটা হয়, এটাই ফুটবল।’
আক্ষেপ ভুলে জিদান বরং অ্যাসেনসিওর পারফরম্যান্সকে দেখছেন বড় প্রাপ্তি, ‘আমি ওর খেলায় দারুণ খুশি। তবে সে যা করছে, তাতে আমি বিস্মিত নই। ওর সামর্থ্য জানি তো।’
এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে রিয়াল। লা লিগায় দুই ম্যাচে তাদের পয়েন্ট ৪। সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৬। এএফপি, রয়টার্স।