রিয়ালের একাদশ কেমন হতে পারে?

প্যারিসের মাঠে অনুশীলনে রিয়ালছবি: রিয়াল মাদ্রিদ টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি। ইউরোপের কুলীন বনাম কৌলীন্যের খোঁজ করতে থাকা নব্য ধনী। একদিকে বেনজেমা-ভিনিসিয়ুস-মদরিচ-ক্রুস, অন্যদিকে মেসি-নেইমার-এমবাপ্পে!

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচই যে এটি, এ নিয়ে সম্ভবত কারোরই সংশয় থাকার কথা নয়—তা আপনি যে দলেরই সমর্থক হোন না কেন! পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো যখন বলেন, এটি আসলে ‘শেষ ষোলোতেই সম্ভাব্য ফাইনালের মঞ্চায়ন’, মোটেও বাড়াবাড়ি মনে হবে না সেটিকে। সেই সম্ভাব্য ফাইনালের প্রথম পর্ব আজ প্যারিসের মাঠে, বাংলাদেশ সময় আজ রাত ২টায়।

এমন ম্যাচে কেমন হবে দুই দলের একাদশ? দুই দলেই যে চোটের চোটপাট! তবে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়াই নামতে হওয়ার শঙ্কা থেকে সম্ভবত কিছুটা মুক্তি পাচ্ছে রিয়াল মাদ্রিদই।  

ম্যাচের আগে বেনজেমার ভাবনা
ছবি: রিয়াল মাদ্রিদ টুইটার

মাদ্রিদভিত্তিক দুই স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা ও এএসের খবর সত্যি হলে, রিয়াল মাদ্রিদ ভক্তদের ম্যাচপূর্ব দুশ্চিন্তা অনেকটাই কমে যাচ্ছে! করিম বেনজেমা আর ফারলাঁ মেন্দি ম্যাচের শুরু থেকে খেলার মতোই ফিট আছেন বলে জানাচ্ছে মার্কা।

রিয়ালের গোলপোস্টে থিবো কোর্তোয়ার জায়গা নিয়ে প্রশ্নই ওঠে না। মাঝমাঠ নিয়েও কোচ কার্লো আনচেলত্তি কোনো পরীক্ষা-নিরীক্ষায় যাওয়ার সম্ভাবনা কম, সেখানে তাই কাসেমিরো-ক্রুস-মদরিচ ‘ত্রয়ী’কে দেখা যাবে বলে ধারণা।

পিএসজির এমবাপ্পের জবাবে রিয়ালের আছেন ভিনিসিয়ুস
ছবি: রিয়াল মাদ্রিদ টুইটার

কিন্তু পিএসজির বিপক্ষে নামার আগে রিয়ালের যত দুশ্চিন্তা ছিল আক্রমণ আর রক্ষণভাগ নিয়েই। আক্রমণে করিম বেনজেমা, রক্ষণে লেফটব্যাক মেন্দি—দুজনই যে ফিটনেস ফিরে পেতে যুঝছিলেন!

গত মাসের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে মাঠ ছেড়ে যাওয়া বেনজেমাকে নিয়েই রিয়ালের দুশ্চিন্তা বেশি ছিল। কিন্তু মার্কা ও এএস জানাচ্ছে, শেষ পর্যন্ত বেনজেমাকে ঘিরেই আক্রমণ সাজিয়েছেন আনচেলত্তি।

রিয়ালের সম্ভাব্য একাদশ
গ্রাফিকস: প্রথম আলো

তবে মার্কার প্রতিবেদন অনুযায়ী, বেনজেমা শুরু থেকে নামলেও পুরো ম্যাচ খেলবেন না। ৬০ মিনিটের মতো খেলবেন। মেন্দি পুরো ম্যাচ খেলার মতোই ফিট বলে জানাচ্ছে মার্কা।

মেন্দিকে নিয়ে রিয়ালের রক্ষণভাগটা পরিচিতই থাকছে—কারভাহাল, মিলিতাও, আলাবা, মেন্দি। তবে আক্রমণে বেনজেমা ও ভিনিসিয়ুসের পাশে কে থাকবেন, সেটি নিয়ে মার্কা ও এএসের খবরে পার্থক্য আছে। মার্কা জানাচ্ছে, ডান পাশে গ্যারেথ বেল খেলবেন। কিন্তু এএস বলছে, সে জায়গাটা পাবেন মার্কো আসেনসিও।