রিয়ালের একাদশে বৃহস্পতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>চ্যাম্পিয়নস লিগে ১০ নম্বর শিরোপার জন্য রিয়াল মাদ্রিদকে অপেক্ষা করতে হয়েছিল এক যুগ, ১০ থেকে ১১-তে যেতে লাগল মাত্র দুই বছর। ২০১৪ সালে লিসবনে এসেছিল ‘লা ডেসিমা’ অর্থাৎ দশম শিরোপা, পরশু মিলানে এল একাদশ শিরোপা ‘লা উনডেসিমা’। প্রতিপক্ষ সেই অ্যাটলেটিকো মাদ্রিদই, তবে এবার চিত্রনাট্য কিছুটা বদলেছে। লিসবনে প্রথমে অ্যাটলেটিকো এগিয়ে যাওয়ার পর ৯০ মিনিটে সমতা ফিরিয়ে রিয়াল জিতেছিল অতিরিক্ত সময়ে ৪-১ গোল। পরশু রিয়াল এগিয়ে যাওয়ার পর ইয়ানিক কারাসকোর ৭৯ মিনিটের গোলে সমতা ফেরায় অ্যাটলেটিকো। অতিরিক্ত সময় শেষেও ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই অ্যাটলেটিকোকে ৫-৩ ব্যবধানে হারিয়ে একাদশে বৃহস্পতি হয় রিয়ালের। মিলানের সেই রোমাঞ্চকর ফাইনালের স্মরণীয় পাঁচটি মুহূর্ত—
জিনেদিন জিদানের জাদুর কাঠির ছোঁয়ায় রিয়াল মাদ্রিদ মৌসুমটা শেষ করল ইউরোপ সেরা হয়েই। পরশু মিলানে চ্যাম্পিয়নস লিগের একাদশ শিরোপা জয়ের পর ফ্রেমবন্দি রিয়াল মাদ্রিদ পরিবার l এএফপি
জিনেদিন জিদানের জাদুর কাঠির ছোঁয়ায় রিয়াল মাদ্রিদ মৌসুমটা শেষ করল ইউরোপ সেরা হয়েই। পরশু মিলানে চ্যাম্পিয়নস লিগের একাদশ শিরোপা জয়ের পর ফ্রেমবন্দি রিয়াল মাদ্রিদ পরিবার l এএফপি

রামোসের গোল

রামোসের গোল
রামোসের গোল

দুই বছর আগে লিসবনের ফাইনালে যোগ হওয়া সময়ের শেষ মুহূর্তে তাঁর গোল ম্যাচে টিকিয়ে রেখেছিল রিয়াল মাদ্রিদকে। পরশু মিলানেও আরও একবার অ্যাটলেটিকোর হতাশার কারণ হলেন সার্জিও রামোস। ১৫ মিনিটে টনি ক্রুসের ফ্রি-কিকে গ্যারেথ বেলের হেডের পর তাঁর পা ছুঁয়ে বল অ্যাটলেটিকোর জালে। এগিয়ে গেল রিয়াল। রিপ্লেতে দেখে অবশ্য গোলটাকে অফসাইড মনে হয়েছে। তবে এ গোল দিয়েই ইতিহাস গড়েন রামোস। দুটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করার কীর্তি নেই আর কোনো ডিফেন্ডারের।
ব্যর্থ ‘বিবিসি’
শুরুতেই কাসেমিরোর দুর্দান্ত একটা শট ঠেকিয়ে দিয়েছিলেন অ্যাটলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাক। কিন্তু সেটাই শেষ নয়। ৭০ মিনিটে প্রতি আক্রমণে করিম বেনজেমা দারুণ একটা সুযোগ পাওয়ার পর তাঁকেও ফিরিয়ে দিয়েছেন ওবলাক। এর ৮ মিনিট পর স্লোভেনিয়ান এ গোলরক্ষক ঠেকিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর শটও। পরক্ষণেই গ্যারেথ বেলের ফিরতি শটটা থেকে অ্যাটলেটিকোকে বাঁচিয়ে দেন স্টেফান সাভিচ।

কারাসকোর গোলে সমতা
কারাসকোর গোলে সমতা

কারাসকোর গোলে সমতা
দুই বছর আগে রামোসের সেই গোল যেমন ম্যাচে টিকিয়ে রেখেছিল রিয়ালকে, পরশু অ্যাটলেটিকোর হয়ে সেই কাজটা করেছেন বদলি নামা ইয়ানিক কারাসকো। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামা এ বেলজিয়ান স্ট্রাইকার তাঁর দারুণ গতি দিয়ে ভুগিয়েছেন রিয়াল ডিফেন্ডারদের। ৭৯ মিনিটে ডান দিক থেকে হুয়ানফ্রানের দুর্দান্ত এক ক্রস থেকে গোল করে সমতা ফেরান কারাসকো। চ্যাম্পিয়নস লিগের এই মৌসুমে ২২ বছর বয়সী এ স্ট্রাইকারের এটি প্রথম গোল, ফাইনালে যেকোনো বেলজিয়ান খেলোয়াড়েরও প্রথম।
গ্রিজমানের পেনাল্টি নষ্ট
সমতা ফেরানোর সুযোগ অ্যাটলেটিকো পেয়ে গিয়েছিল দ্বিতীয়ার্ধের শুরুতেই। ডি-বক্সে পেপে ফাউল করলেন ফার্নান্দো তোরেসকে, পেনাল্টি পেল অ্যাটলেটিকো। কিন্তু তোরেস নন, পেনাল্টি নিতে গেলেন আতোয়ান গ্রিজমান। গত অক্টোবরে লা লিগায় যাঁর পেনাল্টি ঠেকিয়ে দিয়েছিলেন রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস। কে জানে, সেই স্নায়ুচাপেই কি না, পরশু আবারও পেনাল্টি নষ্ট করলেন ফরাসি স্ট্রাইকার। এবার তাঁর শট ফিরে এল বারে লেগে। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পেনাল্টি নষ্ট করা পঞ্চম খেলোয়াড় হয়ে গ্রিজমান, সর্বশেষ এ দুর্ভাগ্য হয়েছিল বায়ার্ন মিউনিখের আরিয়েন রোবেনের, ২০১২ সালে চেলসির বিপক্ষে।

শেষের নায়ক রোনালদো
শেষের নায়ক রোনালদো

শেষের নায়ক রোনালদো
পুরো ম্যাচে তেমন কিছুই করতে পারেননি। কিন্তু সেই ক্রিস্টিয়ানো রোনালদোই নায়ক হয়ে গেলেন শেষবেলায়। নির্ধারিত সময়ের ১-১ সমতা থেকে যায় অতিরিক্ত সময় শেষেও। টাইব্রেকারে রিয়ালের হয়ে প্রথম চারটি শটে গোল করেন ভাসকেজ, মার্সেলো, বেল আর রামোস। অ্যাটলেটিকোর প্রথম তিনটি শটে গ্রিজমান, গ্যাবি, সোল গোল করার পর চতুর্থ শটটি নষ্ট করেন হুয়ানফ্রান। পঞ্চম শটে রোনালদো গোল করলেই রিয়াল চ্যাম্পিয়ন—নায়ক হওয়ার এই দারুণ সুযোগ কি আর হাতছাড়া করেন পর্তুগিজ উইঙ্গার! ডান পায়ের দারুণ শটটা গেল অ্যাটলেটিকোর জালে, উচ্ছ্বাসে ভাসল রিয়াল। সূত্র: এএফপি।