রিয়ালের এবার ছয়ে ছয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্প করার জন্য আজ আমেরিকার ক্যালিফোর্নিয়ার উদ্দেশে বিমানে উঠবেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা। তার আগেই কোচ জিনেদিন জিদানের সঙ্গে ক্লাবের নতুন চুক্তি হয়ে যাওয়ার কথা। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ থেকে রিয়াল মাদ্রিদের সাধারণ সমর্থক—জিদানের কাছে সবার একটাই চাওয়া নতুন মৌসুমে ছয় শিরোপাই জিততে হবে।

২০১১-১২ মৌসুমের পর গতবারই লিগ শিরোপা উঠেছে রিয়ালের ঘরে। এর চেয়েও বড় কৃতিত্ব কোচ জিনেদিন জিদানের অধীনে রিয়ালের টানা দুবার চ্যাম্পিয়নস লিগ জয়। চ্যাম্পিয়নস লিগ নাম হওয়ার পর টানা দুবার আর কোনো দলই টুর্নামেন্ট জিততে পারেনি। গত ৫৮ বছরের মধ্যে দুই মৌসুমের চক্রে চ্যাম্পিয়নস লিগ-লিগ-চ্যাম্পিয়নস লিগজয়ী একমাত্র দলও রিয়াল। এত সাফল্যের পরও রিয়ালে বড় একটা শূন্যতা আছে। মৌসুমের ছয় ট্রফির ছয়টি জেতা হয়নি তাদের। যেটি করে দেখিয়েছে স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। ২০০৯ সালে পেপ গার্দিওলার অধীনে বার্সেলোনা জিতেছিল স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপ, কোপা ডেল রে, লা লিগা, চ্যাম্পিয়নস লিগ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ।

গত মৌসুমে স্প্যানিশ সুপার কাপ খেলার সুযোগ ছিল না, রিয়াল জিততে পারত সর্বোচ্চ পাঁচটি ট্রফি। তার মধ্যে কোপা ডেল রে বাদে জিতেছে চারটি। এবারই রিয়ালের ‘ছয়ে ছয়’ করার সুযোগ। মার্কা।