রিয়ালের কাঁটা অ্যাটলেটিকো

অনেক আপন লাল-সাদা জার্সিটা গায়ে উঠল আবার। কানে চিরচেনা স্লোগান, সেই পরিচিত আবহ। ফার্নান্দো তোরেসকে অন্য রকম একটা রোমাঞ্চই ছুঁয়ে যাওয়ার কথা। তবে মাঠে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের সেই তোরেসকে খুঁজে পাওয়া গেল না, গত কিছুদিনের মতো জড়ভরতই হয়ে রইলেন। বল ঠিকঠাক ধরতে পারেননি, ভুল পাস দিয়েছেন কয়েকবার, দৌড়াতে না দৌড়াতেই বেজেছে অফসাইডের বাঁশি। ৫৯ মিনিটেই উঠে যেতে হয়েছে মাঠ থেকে। তার পরও পরশুর ম্যাচটা তোরেস আলাদা করেই মনে রাখবেন। পুরোনো ঠিকানায় ফিরেছেন বলেই শুধু নয়, পরশু যে প্রথমবারের মতো নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারানোর স্বাদ পেয়েছেন!
মাদ্রিদ এই মৌসুমে যতই অপ্রতিরোধ্য হোক, অ্যাটলেটিকোর সামনে এলেই যেন খেই হারিয়ে ফেলছে। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হেরেছিল মৌসুমের শুরুতে। এরপর লা লিগায় হেরে বসে নিজেদের মাঠে। পরশু কোপা ডেল রের শেষ ষোলোতে ২-০ গোলে হারের পর অনেকটাই বিবর্ণ শিরোপার আশাও। পরের পর্বে উঠতে হলে ১৫ জানুয়ারি অন্তত তিন গোলে জিততে হবে রিয়ালকে।
প্রথম একাদশ ঘোষণার পর অনেকেরই ভ্রু কুঁচকে গিয়েছিল। একাদশে ক্রিস্টিয়ানো রোনালদো কই? শেষ পর্যন্ত সিআর সেভেনকে কোচ কার্লো আনচেলত্তি নামালেন বটে, কিন্তু ততক্ষণে রিয়াল এক গোল খেয়ে বসেছে। রাউল গার্সিয়ার পেনাল্টিতে ভিসেন্তে ক্যালদেরনে তখন উৎসবের আমেজ। রোনালদো নেমেও তেমন কিছু করতে পারলেন না, উল্টো ৭৬ মিনিটে হোসে হিমেনেজের দুর্দান্ত এক হেডে ব্যবধান বাড়িয়ে নিল স্বাগতিকেরা। চেষ্টা করেও রিয়াল কোনো গোল দিতে পারেনি।
নতুন বছরটা যেন দুঃস্বপ্নের মতোই যাচ্ছে রিয়ালের। টানা ২২ ম্যাচ জয়ের পর আগের ম্যাচেই তারা লা লিগায় হেরেছে ভ্যালেন্সিয়ার কাছে। পরশু টানা দ্বিতীয় হারের পর একটু হলেও ফিসফাস শুরু হয়েছে। রিয়াল কি হঠাৎ করেই পথ হারিয়ে ফেলল? তবে আনচেলত্তি এখনই বিচলিত হচ্ছেন না, ‘আমার মনে হয় এটাকে সংকট বলাটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে।’ কিন্তু রোনালদোকে কেন বসিয়ে রাখলেন? রিয়াল কোচের ব্যাখ্যা, ‘রোনালদো একটু ক্লান্ত ছিল, পুরো ৯০ মিনিট ওকে খেলালে ঝুঁকি নেওয়া হতো।’
আনচেলত্তি চান পরের লেগে ঘুরে দাঁড়াতে, ‘আমাদের এখনো সুযোগ আছে। এটা পরিষ্কার, অ্যাটলেটিকোই এখন এগিয়ে, কিন্তু নিজেদের মাঠে যেকোনো কিছুই হতে পারে।’ অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনেও জানেন কাজ এখনো অনেক বাকি, ‘রিয়াল মাদ্রিদকে আমি খুবই সম্মান করি। তাদের দারুণ একটা দল ও দারুণ একজন কোচ আছে। এখনো কিছুই শেষ হয়ে যায়নি।’ এএফপি।