রিয়ালের কোচ হবেন গার্দিওলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিপক্ষ নয়, গুঞ্জন সত্যি হলে রিয়ালের স্বাগতিক ডাগআউটে বসবেন গার্দিওলা। ছবি সংগৃহীত।
প্রতিপক্ষ নয়, গুঞ্জন সত্যি হলে রিয়ালের স্বাগতিক ডাগআউটে বসবেন গার্দিওলা। ছবি সংগৃহীত।

কী বিশেষণে একে বিশেষায়িত করা যায়? ‘অবিশ্বাস্য’? ‘অভাবিত’? ‘সূর্য পশ্চিম দিকে ওঠার মতো ব্যাপার’? এমনই যে বিশেষণ-দীনতায় ফেলে দিয়েছে খবরটি! পেপ গার্দিওলা নাকি রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার দৌড়ে আছেন!

বর্তমান রিয়াল কোচ রাফায়েল বেনিতেজ চাপে আছেন। অন্যদিকে বায়ার্নের কোচ হিসেবে গার্দিওলার চুক্তির মেয়াদও শেষ হয়ে আসছে। ‘দুইয়ে দুইয়ে চার’ চাইলে মেলানোই যায়। কিন্তু রিয়াল আর গার্দিওলার সম্পর্কটা তো আর সরল অঙ্কের মতো নয়। এখানে যে চলে আসে রিয়াল-বার্সার চিরকালীন দ্বৈরথের ইতিহাসও। লা মেসিয়ায় বড় হয়েছেন, বার্সায় খেলেছেন, ক্লাবের ইতিহাস সেরা কোচও ছিলেন—এমন একজন বার্সারই ‘শত্রুশিবিরে’র কোচ হতে যাচ্ছেন, এই খবর শুনে অবাক হয়ে বড় বড় প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে থাকাই বরং স্বাভাবিক।

কাতালান দৈনিক এআরএ দিয়েছে এমন পিলে চমকানো খবর। শিরোনামটাও মজার—‘গার্দিওলা, রিয়ালের নিষিদ্ধ ফল’। বায়ার্নে গার্দিওলার চুক্তি এই মৌসুম পর্যন্ত। এখন পর্যন্ত নতুন চুক্তির সম্ভাবনা কমই মনে হচ্ছে। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, মৌসুম শেষে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যাবেন গার্দিওলা। এরই মধ্যে কাতালান পত্রিকাটি লিখেছে, রাফায়েল বেনিতেজের ‘উত্তপ্ত আসনে’র উত্তরসূরি হিসেবে রিয়াল মাদ্রিদের রাডারে আছেন সাবেক বার্সা কোচও!


অবশ্য এই খবরে বিশ্বাসযোগ্যতার ছোঁয়া কতটুকু তা নিয়ে বিতর্ক করাই যায়। গার্দিওলা নিজেই বার দু-তিনেক জানিয়ে দিয়েছেন, সুযোগ পেলেও কখনো রিয়ালের কোচ হবেন না। ‘লস ব্লাঙ্কোস’ সমর্থকেরাও তাঁদের কোচের ‘পবিত্র আসনে’ একজন কাতালানকে মেনে নিতে বয়েই গেছে! তথ্যসূত্র: মার্কা।