রিয়ালের গোল উৎসব

সর্বশেষ ৫ ম্যাচে ২১ গোল। পরিসংখ্যানের হিসাবে গেটাফে স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদের ‘প্রিয়’ প্রতিপক্ষগুলোর একটি। কাল আবারও সেটি প্রমাণ করল জিনেদিন জিদানের দল। গেটাফের মাঠে তারা জিতেছে ৫-১ গোলে।
ইংলিশ লিগে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটিও। চেলসির মাঠে সার্জিও আগুয়েরোর হ্যাটট্রিকে ৩-০ গোলের জয় পেয়েছে তারা। লিগের পয়েন্ট তালিকায়ও উঠে এসেছে তৃতীয় স্থানে। তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের জয় এত সহজে আসেনি। অ্যাস্টন ভিলাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের আশা বাঁচিয়ে রেখেছে দলটি। গোল কে করেছেন, সেটি অনুমান করে নিন। ইউনাইটেডের ম্যাচে ইদানীং দৃশ্যটা বেশ পরিচিত—মার্কাস রাশফোর্ডের গোল।
পরিচিত ছিল রিয়ালের গোল উৎসবও। বেশ আক্রমণাত্মক দলই নামিয়েছিলেন রিয়াল কোচ জিদান। ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, করিম বেনজেমা তো ছিলেনই, পেছনে থাকা মিডফিল্ডও কী আক্রমণাত্মক—টনি ক্রুসের সঙ্গে দুই অ্যাটাকিং মিডফিল্ডার ইসকো ও হামেস রদ্রিগেজ! আক্রমণকে মন্ত্র জপে নামা রিয়াল ফল পেল ২৯ মিনিটে। বাঁ প্রান্ত থেকে হামেসের ক্রস, তাতে আলতো পা ছুঁইয়ে গোল বেনজেমার। দ্বিতীয় গোলটি পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। বেনজেমার সঙ্গে ওয়ান-টু খেলে বল জালে জড়িয়ে দিলেন দুর্দান্ত খেলতে থাকা ইসকো।
প্রথমার্ধে ওই দুই গোলই। কিন্তু রিয়াল ওখানেই সন্তুষ্ট থাকলে তো! বিরতি থেকে নামতে না-নামতেই গ্যারেথ বেলের গোল। বেনজেমার কাছ থেকে বল পেয়ে ট্রেডমার্ক দৌড়, এরপর গোলকিপারকে পাশ কাটিয়ে বল পাঠিয়ে দিলেন জালে। গেটাফের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেছেন পাবলো সারাবিয়া। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটের ওই গোলটাই হয়ে থাকল এই গেটাফের সমর্থকদের একমাত্র আনন্দের উপলক্ষ।
একটু ঝিমিয়ে পড়া রিয়ালকে ওই গোলটি আরও জাগিয়ে দিল। একটু পর হামেসও জোগ দিলেন গোল উৎসবে। রিয়ালের জয়ে পূর্ণতা এনে দিলেন রোনালদো। হেসে রদ্রিগেজের পাস থেকে লিগে নিজের ৩১তম গোলটি করলেন পর্তুগিজ ফরোয়ার্ড। এই জয়ে পয়েন্ট তালিকায় এক দিনের জন্য হলেও দুইয়ে উঠে এল রিয়াল। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে হয়েছে ১। ইএসপিএন।
এক নজরে
গেটাফে ১: ৫ রিয়াল মাদ্রিদ
চেলসি ০: ৩ ম্যান সিটি
এভারটন ১: ১ সাউদাম্পটন
ইউনাইটেড ১: ০ অ্যাস্টন ভিলা
বায়ার্ন ৩: ০ শালকে
* স্বাগতিক দল প্রথমে