রিয়ালের ঘরে আজই আরেকটি ট্রফি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ক্লাব বিশ্বকাপের ফাইনাল। তার আগে কাল ইয়োকোহামায় অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ জাপানের কাশিমা অ্যান্টলার্স l এএফপি
আজ ক্লাব বিশ্বকাপের ফাইনাল। তার আগে কাল ইয়োকোহামায় অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ জাপানের কাশিমা অ্যান্টলার্স l এএফপি

একটি হোটেলেই এক সপ্তাহ কাটছে। রোনালদো-বেনজেমাদের মনে অবসাদের আনাগোনা। জিনেদিন জিদান ছাত্রদের মনে করিয়ে দিয়েছেন—আর একটা মাত্র ম্যাচ, জিতলেই শিরোপা। তাঁরাও নাকি অবসাদকে দূরে ঠেলে গা ঝাড়া দিয়ে উঠেছেন। সুদূর ইউরোপ থেকে তাঁরা যে জাপানে এসেছেন ক্লাব বিশ্বকাপ জয়ের প্রতিজ্ঞা নিয়েই। ক্লান্তির কাছে হার মানলে কি চলে!

ইয়োকোহামায় রিয়ালের প্রতিপক্ষ কাশিমা অ্যান্টলার্স। স্বাগতিক দেশের ক্লাব। স্বাভাবিকভাবেই গ্যালারির বড় অংশই ভরিয়ে তুলবে তাদের জার্সির রঙে রঙিন দর্শক। সেমিফাইনালে কলম্বিয়ার ক্লাব অ্যাটলেটিকো ন্যাসিওনালকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ায় তাদের আত্মবিশ্বাসও তুঙ্গে। তবে সাধারণ ধারণা এ রকম, ক্রিস্টিয়ানো রোনালদোদের শিরোপা জয়ের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না ক্লাবটি।

রিয়ালের কোচ জিদান কাশিমা সম্পর্কে খুব বেশি কিছু জানেন না। ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জিদানকে প্রশ্ন করা হয়েছিল, কাশিমা কেমন খেলে? উত্তরে তিনি শুধু বলতে পারলেন, ‘তারা অনেক দৌড়ায়।’ জিদানের মূল চিন্তা রোনালদোদের অবসাদ আর তাঁদের খেলা নিয়ে, ‘সত্যি বলছি, একটি হোটেলের মধ্যে পুরো সপ্তাহ কাটানো বিরক্তিকর। খেলোয়াড়েরা মজা-টজা করতে চায়। প্রথম ম্যাচে আমরা শুরুটা খুব একটা ভালো করতে পারিনি। লম্বা ভ্রমণের ক্লান্তি আর অনুশীলনের অভাবেই এটা হয়েছে। কিন্তু আমরা এখানে শিরোপা জিততে এসেছি এবং আগামীকাল তৈরি থাকব।’

শিরোপা জয়ের সংকল্প যেমন আছে, তেমনি সতর্কতাও আছে দলের মধ্যে। কাশিমা সম্পর্কে তেমন কিছু না জানলেও জিদান সাবধানী। শিষ্যদের মনে করিয়ে দিয়েছেন, কাশিমা ভালো দল বলেই ফাইনালে উঠেছে। তাই যে যা-ই বলুক, তাদের অবহেলা করা যাবে না। সাধারণত বড় দলের বিপক্ষে ছোট দলগুলোর স্ট্র্যাটেজি থাকে রক্ষণাত্মক খেলে ড্র নিয়ে মাঠ ছাড়া। আজ ড্র করতে পারলেই ম্যাচ গড়াবে টাইব্রেকারে। ভাগ্য পরীক্ষায় শিরোপা উঠতে পারে যেকোনো দলের হাতে। কাশিমা এ পথে হাঁটবে না বলেই মনে হচ্ছে। দলটির ডিফেন্ডার নাওমিচি উয়েদা তো হুমকিই দিয়ে রেখেছেন—কুমির যেমন শিকারকে টেনেহিঁচড়ে জ্বলে নামায়, ৩৬ ম্যাচ অপরাজিত থেকে উড়তে থাকা রিয়ালকেও তা-ই করে দেখাবেন।

শেষ মুহূর্তে গোল করে দলকে জেতানো প্রায় নৈমিত্তিক বানিয়ে ফেলেছেন সার্জিও রামোস, এই ম্যাচে তিনি আছেন। তারপরও ম্যাচটিকে শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে যেতে চান না জিদান। গত ম্যাচে গোল করে কোচের এই পরিকল্পনার পালে বাতাস দিয়েছেন রোনালদো। ক্লাব বিশ্বকাপের আগে তিন ম্যাচ গোলহীন ছিলেন রিয়ালের পর্তুগিজ এই ফরোয়ার্ড।

জাপানের সংবাদমাধ্যমে এবারের ক্লাব বিশ্বকাপের শিরোপা দেশে রেখে দেওয়ার প্রত্যাশার খবর বের হচ্ছে। কিন্তু রোনালদো-রামোসদের সামর্থ্য আর রিয়ালের ইতিহাস-ঐতিহ্য ভালোই জানেন কাশিমার কোচ মাসাতাদা ইশি। খেলোয়াড়দের কাছ থেকে অত বড় কিছু আশা করেন না তিনি। শুধু ভালো খেলা উপহার পেতে চান, ‘জাপানের ফুটবল অন্যদের সঙ্গে যে কিছুটা ব্যবধান কমিয়েছে, তা দেখানোর সুযোগ পেয়েছি আমরা। আমার খেলোয়াড়েরা এখন এমন একটি বড় ম্যাচ খেলতে পারে।’

শিরোপা জিততে মরিয়া জিদান। অন্যদিকে মাসাতাদার গলায় জোর নেই। তাহলে কি দ্বিতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের ট্রফি রিয়ালের হাতে উঠছে! এএফপি