রিয়ালের ঘরের ছেলে ঠেকাল, বার্সার ঘরের ছেলে হারাল

দুজনের নামই আন্তোনিও। মিল এইটুকুই। একজন লাইনআপের সবার সামনে, আরেকজন একদম শেষে। আন্তোনিও আদান আর আন্তোনিও সানাব্রিয়া কাল হারিয়ে দিলেন রিয়াল মাদ্রিদকে। লা লিগায় নিজেদের মাঠে আবারও পয়েন্ট হারাল রিয়াল। এবার থেমে গেল তাদের অপরাজেয় জয়যাত্রা। থামল টানা গোল করার রেকর্ডও। রিয়াল বেতিসের কাছে ০-১ গোলে হেরে লা লিগার শুরুতেই শিরোপার দৌড়ে অনেকটাই পিছিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে রিয়াল।
আর বেতিসের এই ঐতিহাসিক জয়ের দুই নায়ক, দুই আন্তোনিওর একজন রিয়ালেরই ঘরের ছেলে। অন্যজন খেলেছেন বার্সার ‘বি’ দলে।
আদানকে রিয়ালের প্রতিটা ঘাস চেনে। মাত্র ১০ বছর বয়সে এই ক্লাবে এসেছিলেন। ১৩ বছর বয়সভিত্তিক নানা দলে কাটিয়ে অবশেষে মূল দলে অভিষেক হয়েছিল ২০১০ সালে। ইকার ক্যাসিয়াসের সরাসরি শিষ্য ছিলেন। ক্যাসিয়াসকে তুলে আদানকে নামিয়ে দিয়ে বহুল আলোচনার জন্ম দিয়েছিলেন হোসে মরিনহো। সেই আদান আবারও মাদ্রিদ শহরের আলোচনার কেন্দ্রে।
কাল আবার সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরে এসেছিলেন এই গোলরক্ষক। এর মধ্যে এক মৌসুম ক্যালিয়ারির হয়ে খেলে তিন বছর ধরে রিয়াল বেতিসের এক নম্বর হয়ে আছেন। যে ক্লাবে তাঁর শৈশব, কৈশোর আর তারুণ্যের শুরুটা কেটেছে, কেটেছে ১৬টা বছর, সেখানে ফিরে আসতে পেরে কতটা আবেগতাড়িত ছিলেন? নাকি দেখিয়ে দেওয়ার জিদ ছিল!
তা দেখিয়ে দিলেনও। কাল ১৪টি শট নিয়েছে রিয়াল, সাতটিই গোলমুখে। কিন্তু একটিও গোলে রূপ নেয়নি। নেবে কী করে, বেতিসের গোলমুখে যে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন আদান!

তা আদান গোল ঠেকিয়েছেন, কয়েকটি অবিশ্বাস্য সেভও ছিল। কিন্তু বেতিসের সাজানো রক্ষণকেও দিতে হবে কৃতিত্ব। তবে যোগ করা সময়ে জয়সূচক গোল করে আলোচনায় সানাব্রিয়া। ৯৪তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে দুর্দান্ত এক ক্রসে মাপা হেডে কেইলর নাভাসকে গোল হজম করান সানাব্রিয়া।
প্যারাগুয়ের এই স্ট্রাইকারও মাত্র ১৩ বছর বয়সে বার্সার যুব একাডেমিতে নাম লিখিয়েছিলেন। ২০১০ সালে তাঁকে লা মাসিয়ায় ডেকে নেওয়া হয়। দুই বছর পর কোচ তিতো ভিলানোভা মূল দলের সঙ্গে অনুশীলনের জন্য ডেকেও ছিলেন। বয়স মাত্র ২১, তাঁর ওপর বার্সা নিশ্চয়ই এখনো নজর সরায়নি। কালকে সার্জিও রামোসকে দর্শক বানিয়ে হেড করে বার্সার দরজাতেও হয়তো টোকা দিয়ে রাখলেন।