রিয়ালের জিদান-প্রস্তুতি?
রাফায়েল বেনিতেজ রিয়াল মাদ্রিদের কোচ হয়েছেন মাস দুয়েকও হয়নি। এরই মধ্যে স্প্যানিশ ক্লাবটির পরবর্তী কোচ কে হবেন সেটিও যেন ধারণা করতে পারছেন লুইস ফার্নান্দেজ। ১৯৮৪ ইউরোজয়ী ফ্রান্স দলটির মিডফিল্ডারের ভবিষ্যদ্বাণী, বেনিতেজের মেয়াদ শেষ হলে জিনেদিন জিদানই তাঁর জায়গা নেবেন রিয়াল মাদ্রিদে।
অ্যাথলেটিক বিলবাও, এসপানিওল ও রিয়াল বেটিসের কোচ ছিলেন। স্পেনের ফুটবল নিয়ে বেশ ভালোই জানাশোনা ফার্নান্দেজের। অভিজ্ঞতা থেকে তাঁর উপলব্ধি, জিদানের হাতেই দলের দায়িত্ব তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রিয়াল মাদ্রিদ।
তবে বর্তমানে গিনি জাতীয় দলের কোচ ফার্নান্দেজের রিয়ালের কোচ হিসেবে বেশি পছন্দ ছিল আনচেলত্তিকেই। অমনিস্পোর্টের সঙ্গে সাক্ষাৎকারে উঠে এল তাঁর আনচেলত্তি-প্রীতি, ‘কার্লো থাকলেই বেশি ভালো লাগত। এক মৌসুম আগেই সে তাদের দশম চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছে। তাদের লড়তে হচ্ছিল দুর্দমনীয় বার্সেলোনার বিপক্ষে, দুর্দান্ত মেসির বিপক্ষে।’
বেনিতেজের নিয়োগে আসলে জিদানের জন্যই রাস্তা খুলে যাচ্ছে বলেও মনে করছেন ফার্নান্দেজ, ‘বেনিতেজের সে জৌলুশ নেই। ওরা জিজুর জন্যই সবকিছু আয়োজন করছে। আমার মনে হয় ও-ই রিয়ালের পরবর্তী কোচ হবে।’ ফোরফোরটু।