রিয়ালের জয় চান লা লিগা সভাপতিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাভিয়ের তেবেস চ্যাম্পিয়ন লিগ ফাইনালে রিয়ালের জন্য গলা ফাটাবেন। ফাইল ছবি।
হাভিয়ের তেবেস চ্যাম্পিয়ন লিগ ফাইনালে রিয়ালের জন্য গলা ফাটাবেন। ফাইল ছবি।

লিওনেল মেসি কোনো রাখঢাক রাখেননি। সরাসরিই বলে ফেলেছিলেন মনের কথাটা, ‘আমি খুবই খুশি হব যদি রিয়ালকে অ্যাটলেটিকো হারায়।’ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে অ্যাটলেটিকোর জয় চেয়ে কদিন আগে তোলপাড়ই ফেলে দিয়েছিলেন বার্সা তারকা। হাভিয়ের তেবাসও কি এ রকমই রকম আলোড়ন তুললেন? ২৮ মে মিলানে অ্যাটলেটিকোর সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যে রিয়াল মাদ্রিদের জয় চান লা লিগা সভাপতিও!
গত নভেম্বরে মনের কথাটা সবাইকে জানিয়ে দেন তেবাস, ছোটবেলা থেকেই রিয়ালকে সমর্থক তিনি। এই ফাইনালেও রিয়ালই তাঁর বাজি, ‘অ্যাটলেটিকো খুবই শক্তিশালী একটা দল। ওদের হারানো যে কারও জন্যই কঠিন। তবে রিয়ালের সমর্থক হিসেবে আমি সব সময়ই ওদেরই জয় চাই।’ একই সঙ্গে মনে করিয়ে দিতে ভোলেননি, ‘...কিন্তু এও জানি, অ্যাটলেটিকো সহজে হাল ছেড়ে দেবে না। আর কে জানে, ওরা নিশ্চয়ই প্রতিশোধ নিতে মুখিয়ে আছে!’
প্রতিশোধ বলতে দুই বছর আগে চ্যাম্পিয়নস লিগের সেই ফাইনালের কথা টেনে এনেছেন তেবাস। রামোসের শেষ সময়ের গোলে সেবার লিসবনে স্বপ্নভঙ্গ হয়েছিল অ্যাটলেটিকোর। এরপর দুই দলের আরও ১০টি ডার্বি হয়েছে, কিন্তু রিয়াল একটিও জিততে পারেনি।
কিন্তু রিয়ালকে তেবাসের সমর্থন নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে অন্য কারণে। খেলাধুলায় সমর্থন তো দেওয়াই যায়, সেটিতে দোষের কিছু নেই। তেবাসও রিয়ালের প্রতি সমর্থন দিতেই পারেন। কিন্তু তিনি যে পদে আছেন, সেটিই আসলে অনেকের ভুরু কুঁচকে দিচ্ছে। লা লিগার সভাপতি হিসেবে বিভিন্ন বিতর্কিত বিষয়েও সমাধান দিতে হয় তেবাসকে। যেহেতু রিয়ালের সমর্থক হিসেবে নিজেকে উপস্থাপন করলেন, ভবিষ্যতে তাই রিয়ালের কোনো ব্যাপারে নিরপেক্ষ থাকতে পারবেন কি না, সেটিই বড় প্রশ্ন।