রিয়ালের জয়েও মন খারাপ রোনালদোর!

আলমেরিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ছিল প্রায় ৭০ হাজার দর্শক-সমর্থক। কোথায় থাকবে মূল্যবান তিন পয়েন্ট অর্জনের আনন্দ, উল্টো রিয়াল তারকা রোনালদো তারকা মাঠ ছাড়লেন একরাশ হতাশা আর বিরক্তি নিয়ে। বিরক্তির প্রকাশ এতটাই ছিল যে তা বুঝতে একটুও কষ্ট হয়নি কারও।
কিন্তু রোনালদোর এমন আচরণের কারণ কি? রিয়াল তিনটা গোল পেলেও কাল একটা গোলের পাশেও নিজের নাম বসাতে পারেননি রোনালদো। কিন্তু এমন তো অহরহই ঘটে! গোলবিহীন ম্যাচ তো রোনালদোর ক্যারিয়ারেও নতুন নয়। রিয়ালের এর আগের দুটো ম্যাচে সেলটা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষেও কোনো গোলের দেখা পাননি পর্তুগিজ এই তারকা। কিন্তু প্রতিটিতেই জিতেছে তাঁর দল। দলের জয়ে নিজের কোনো অবদান না রাখতে পারার কারণেই কী কাল হতাশার এমন বহিঃপ্রকাশ রোনালদোর?
তবে কারণ থাকতে পারে আরও। চলতি মৌসুমে রোনালদোর মোট গোল ৪৮ ম্যাচ খেলে ৫০টি। আর গত ম্যাচে দুই গোল করে তাঁর একদম কাঁধে নিশ্বাস ফেলছেন লিওনেল মেসি। ৪৯ ম্যাচে মেসির গোল সংখ্যা ৪৯টি। নিন্দুকেরা বলছেন মেসির সঙ্গে দূরত্ব আরও বাড়িয়ে না নিতে পারার কারণেই নাকি কাল অমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালেন রোনালদো।
ব্যবধান বাড়ানোর দুটো দারুণ সুযোগ অবশ্য এসেছিল। দ্বিতীয়ার্ধের ৪ মিনিটের মাথায় টনি ক্রুস একটি নিচু ক্রস ঠেলে দেন ডি বক্সের ভেতরে থাকা রোনালদোর দিকে। কিন্তু আলমেরিয়ান ডিফেন্ডার দস সান্তোস সেটি ঠেকাতে গিয়ে উল্টো বল পাঠিয়ে দেন নিজেরই জালে। গোলটি রিয়ালের স্কোরলাইনে যুক্ত হলেও বঞ্চিত হন রোনালদো। রোনালদোকে সুযোগ-বঞ্চিত করেছেন আলভারো আরবেলোয়াও। রিয়ালের তৃতীয় গোলটি আসে ওই আরবেলোয়ার পা থেকেই। এ সময় আরবেলোয়ার একদম পেছনেই বলের অপেক্ষায় ছিলেন রোনালদো। কিন্তু আরবেলোয়া আর সে সুযোগ দেননি। গোলটির পর তাই জালে ঢুকে তীব্র আক্রোশে বলে লাথি মারেন রোনালদো। তাঁর চেহারায় স্পষ্ট হয়ে ওঠে বিরক্তি। গোলের পরে উদ্যাপনেও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল না রোনালদোর। অথচ, সাত বছর পর এই প্রথম লিগ গোল পেলেন আরবেলোয়া।
ম্যাচের ৪৪ মিনিটে হামেস রদ্রিগেজের গোলে ১-০ গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল।
কালকের ম্যাচের পর ৩৪ ম্যাচ শেষে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে রিয়াল। সমান সংখ্যক ম্যাচ খেলে পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা, তাদের পয়েন্ট ৮৪। ৭৫ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় অবস্থানটা অ্যাটলেটিকো মাদ্রিদের।