রিয়ালের ট্রেবলের স্বপ্ন শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই কদিন আগেও দল যেভাবে খেলছিল, ট্রেবলের স্বপ্ন দেখা খুবই স্বাভাবিক ছিল রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য। টানা ৪০ ম্যাচ অপরাজিত থেকে গড়েছে স্প্যানিশ রেকর্ড—জিনেদিন জিদানের দল ধীরে ধীরে যেন অজেয় হয়ে উঠছিল।

সেই দলটাই মাত্র দশ দিনের ব্যবধানে হয়ে গেল কেমন ছন্নছাড়া! সর্বশেষ চার ম্যাচে জিতেছে মাত্র একটি। আর এই সাময়িক ‘খরা’তে রিয়ালের ট্রেবলের স্বপ্ন শুকিয়ে গেছে। গত পরশু কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালেই বিদায় নিতে হলো রোনালদো-বেনজেমাদের। নিজেদের মাঠে প্রথম লেগে সেল্টা ভিগোর কাছে ২-১ গোলের হারটাই হলো কাল। পরশু সেল্টার মাঠে ২-২ গোলে ড্র করেও লাভ হলো না, সম্মিলিত ফলে ৪-৩ গোলে হেরে গেছে রিয়াল।   

জিততেই হবে, এমন ম্যাচে ৪৪ মিনিটে দানিলোর আত্মঘাতী গোলে পিছিয়ে যায় রিয়াল। ৬২ মিনিটে সমতা ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো, বক্সের বাইরে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে! তাতে জেগে উঠবে কী, উল্টো ৮৫ মিনিটে আবার রিয়ালের জালে গোল। পাঁচ মিনিট পর লুকাস ভাসকেজ দ্বিতীয়বারের মতো সমতায় ফেরান জিদানের দলকে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক।

দলের হঠাৎ এমন পথ হারানোর অনেক কারণ আছে। চোট মহামারির মতো ঘিরে ধরেছে রিয়ালকে, হঠাৎ ফর্মও হারিয়ে ফেলেছেন দলের কয়েকজন। তবে কোচ জিদান এখনো আশাবাদী, ‘আমি উদ্বিগ্ন নই। রাগও হচ্ছে না। গত কয়েক দিনে কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি, তবে এ অবস্থাটা বদলে যাবে। এখন একটাই কাজ করার আছে—বিশ্রাম নেওয়া আর সামনের ম্যাচগুলোর জন্য প্রস্তুতি নেওয়া।’ এএফপি।