রিয়ালের তো এসেনসিও আছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্দান্ত এক গোল করেছেন, অন্য দুই গোলেও ভূমিকা রেখেছেন এসেনসিও। ছবি: রয়টার্স
দুর্দান্ত এক গোল করেছেন, অন্য দুই গোলেও ভূমিকা রেখেছেন এসেনসিও। ছবি: রয়টার্স

 ‘এ বলে মাথা লাগালে জিমো নাভারোর মাথা উড়ে বার্নাব্যুর বাইরে গিয়ে পড়ত।’

লাস পালমাস ডিফেন্ডারকে ধারাভাষ্যকারের কথাটি বাড়াবাড়ি মনে হলে ইউটিউবে গিয়ে মার্কো এসেনসিওর শটটি দেখে আসুন। ম্যাচের ৫৬ মিনিটে ডি বক্সের ১০ গজ বাইরে থেকে যে শট নিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার, সেটি ছুটছিল বুলেট গতিতে। ফ্রি কিক থেকে উড়ে আসা বল বক্সের বাইরে পাঠিয়েই সন্তুষ্ট হয়েছিলেন পালমাস গোলরক্ষক রাউল লিজোয়েইন। কিন্তু সেখান থেকে গোল করার ইচ্ছা জাগল এসেনসিওর। তাঁকে শট নিতে দেখে ঝাঁপ দিয়েছিলেন রাউল, কিন্তু শরীর ঠিকভাবে নড়ার আগেই বল জালে। ক্রসবার ছুঁই ছুঁই সে বল অবশ্য এমনিতেও ছুঁতে পারতেন না গোলরক্ষক। এসেনসিওময় এক রাতে পালমাসকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

গোলের পর দর্শকদের অভিবাদন গ্রহণ করছেন ইসকো। ছবি: রয়টার্স
গোলের পর দর্শকদের অভিবাদন গ্রহণ করছেন ইসকো। ছবি: রয়টার্স

ইদানীং রিয়ালের ম্যাচ মানেই বেনজেমার উদ্দেশে সমর্থকদের দুয়ো। আজও এর ব্যতিক্রম হলো না। সমর্থকদের হারাতে যে গোলাবারুদ নিজেই তুলে দিচ্ছেন ফ্রেঞ্চ স্ট্রাইকার! চার মিনিটেই এগিয়ে যেতে পারত রিয়াল। বক্সে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন করিম বেনজেমা। তাঁর পাশেই ফাঁকায় দারুণভাবে উঠে আসছিলেন এসেনসিও। তাঁকে পাস দিলেই গোল পেত রিয়াল। কিন্তু নিজেই শট নেওয়ার চেষ্টা বেনজেমার। দুর্বল সে শট ঠেকাতে রাউলের কোনো সমস্যাই হলো না। তবু বেনজেমাকে মাফ করে দেওয়া যাচ্ছিল। একজন নম্বর নাইন এমন অবস্থায় পাস দেওয়ার চেয়ে গোল করতেই চেষ্টা করবেন বেশি।

৩৯ মিনিটে সে সান্ত্বনাও পাবেন না বেনজেমা। বাঁ প্রান্ত থেকে অসাধারণ এক ক্রস করলেন এসেনসিও, শুধু মাথা ছোঁয়ালেই গোল। লাফও দিলেন বেনজেমা, কিন্তু মাথা ছোঁয়াতে পারলেন না। দুই মিনিট পরে এসেনসিওকে আর হতাশ হতে হয়নি। তাঁর কর্নার থেকে রিয়ালকে এগিয়ে দিলেন কাসেমিরো। এক গোলে এগিয়ে বিরতিতে গেল রিয়াল।

দ্বিতীয়ার্ধে রিয়াল দেখা দিল নিজেদের রূপে। রোনালদো, ইসকো ও এসেনসিও অবশেষে নিজেদের সেরা খেলা দেখালেন, খেললেন পালমাসের রক্ষণকে নিয়ে। কিন্তু একের পর এক আক্রমণেও প্রতিপক্ষের রক্ষণে চিড় ধরাতে পারছিলেন না। ৫৬ মিনিটে তাই এসেনসিও দায়িত্ব বুঝে নিলেন। যে গোলের পর আরেকবার জানিয়ে দিলেন, ‘এসেনসিও সাধারণ গোল করেন না!’

 ৭০ মিনিটে এসেনসিওর গোলের চেয়েও দুর্দান্ত এক গোল প্রায় করে ফেলেছিলেন রোনালদো। কিন্তু একটুর জন্য সে বল যায়নি জালে। ৭৪ মিনিটে ম্যাচের মীমাংসা হয়ে গেল দুর্দান্ত এক টিম প্লেতে। আজকের ম্যাচের সেরা তিন খেলোয়াড় হাতে হাত মেলালেন। কাউন্টার অ্যাটাকে রোনালদো ও এসেনসিও রক্ষণকে টেনে নিয়ে গেলেন বাঁ প্রান্তে। রোনালদোর দুর্দান্ত ক্রসটা বুঝে নিয়ে আলতো এক ছোঁয়ায় জালে পাঠালেন তাঁদের সঙ্গে পাল্লা দিয়ে আক্রমণে ওঠা ইসকো (৩-০)। ৮২ মিনিটে রামোস ব্যবধান বাড়িয়ে নিয়েছিলেন প্রায়। কিন্তু অবিশ্বাস্যভাবে গোলরক্ষকের হাত ও ক্রসবার বাধা হয়ে দাঁড়াল।

৮৯ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল পালমাস। কিন্তু পুরো ম্যাচে দুর্দান্ত খেলা রিয়াল ডিফেন্ডার ভায়েহো আরও একবার দলের ত্রাতা হয়ে দাঁড়ালেন। দেখে মনে হয়নি, আজই লা লিগায় অভিষিক্ত হয়েছে তাঁর!