রিয়ালের থেকে শিক্ষা নেওয়া উচিত বার্সেলোনার

মৌসুমের অর্ধেক পেরিয়েছে লা লিগা। গত মৌসুমের মতো এবারও শীর্ষে থেকে শীতকালীন অবকাশ কাটাচ্ছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। গত মৌসুম চিন্তা করলে এটাও ভালো। কিন্তু অন্তত চ্যাম্পিয়নস লিগে ঠিকই নিজেদের জাত চিনিয়েছিল দলটি। কিন্তু এবার নিজেদের করে নেওয়া টুর্নামেন্টেও ম্লান রিয়াল। এর পেছনে ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়কেই কারণ মানেন সবাই। এ ঘটনা থেকে বার্সেলোনারও শিক্ষা নেওয়া উচিত।
বার্সেলোনাকে এভাবেই সতর্ক করেছেন জর্ডি ক্রুইফ। সবার কাছে তাঁর পরিচয় বার্সেলোনা কিংবদন্তি ইয়োহান ক্রুইফের ছেলে। তবে আরেকটি পরিচয় সবাই ভুলে যান, বার্সেলোনার বিখ্যাত মেরুন-নীল জার্সিটা জর্ডির গায়েও উঠেছে। রোনালদোর অনুপস্থিতি রিয়ালে যে শূন্যতা সৃষ্টি করেছে, এটা বার্সেলোনার জন্যও সতর্কবাণী বলে মনে করেন বর্তমানে কোচিংয়ে ক্যারিয়ার গড়া ক্রুইফ। স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রুইফ বলেছেন, ‘মাদ্রিদে যা হয়েছে সেটা বার্সার জন্যও সতর্কবাণী। মাদ্রিদের খেলোয়াড়রা এখনো দুর্দান্ত। কিন্তু ফুটবলে আপনার এমন একজন খেলোয়াড় দরকার যে আপনাকে ২-০ অবস্থায় পিছিয়ে থাকার সময়ও জয়ের আসা দেখায়। মেসির ক্ষেত্রেও এটা সত্য। এটা ফুটবলের (স্বাভাবিক ধারণা) চেয়ে বেশি কিছু...এটা হলো বিশ্বাসের ব্যাপার।’
এ মৌসুমে সবাইকে চমকে দিয়ে রিয়াল ছেড়ে জুভেন্টাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দল বদলের পর জড়তা কাটাতে একটু সময় নিয়েছেন, কিন্তু এরপরই স্বরূপে হাজির পর্তুগিজ ফরোয়ার্ড। জুভেন্টাসে গিয়ে মৌসুম শুরুর গোলের রেকর্ড গড়েছেন। ১২ টি গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৭ গোল। আর তাঁর অনুপস্থিতিতে গোলের জন্য হাহাকার চলছে রিয়ালে। রোনালদো যে রিয়ালের জন্য কত বড় একটা ব্যাপার সেটা একজন পোড় বার্সাভক্ত হয়েও বুঝতে পারছেন ক্রুইফ, ‘মাদ্রিদের খেলা বিশ্লেষণ করলেই দেখা যাবে, ক্রিস্টিয়ানোই সে লোক যে মাথায় ছাতা নিয়ে দাঁড়াত। ফলে যখন বৃষ্টি হতো, কেউ ভিজত না। এখন সেখানে কোনো ছাতা নেই।’
২০২১ সাল পর্যন্ত মেসির সঙ্গে চুক্তিবদ্ধ বার্সেলোনা। কিন্তু এমন চুক্তিও বার্সাকে স্বস্তি দিতে পারে না। কারণ, রিয়ালেও রোনালদোর চুক্তি ২০২১ সাল পর্যন্ত ছিল। তবে রিয়ালের সঙ্গে রোনালদোর যে সম্পর্ক তার সঙ্গে বার্সা-মেসি সম্পর্ক মেলানো যায় না। কিন্তু ক্রুইফের চিন্তা আরও সুদূরপ্রসারী। মেসি এই ক্লাবেই অবসর নিলেও কিন্তু শূন্যতার সৃষ্টি হবে। সে শূন্যতা পূরণ করার মতো কাউকে বার্সার এখনই খুঁজে নিতে হবে। নেইমারকে সে উদ্দেশ্যেই আনা হয়েছিল। কিন্তু সে চেষ্টা সফল হয়নি বার্সেলোনার।