রিয়ালের দখলে থাকা ৪৯ বছরের রেকর্ড উদ্ধার মেসির

ক্রিস্টিয়ানো রোনালদো ন্যু ক্যাম্পে গোল করতে ভালোবাসেন। এর প্রমাণ দিলেন। শিকারসন্ধানী বাঘের মতো ঝাঁপিয়ে বসিয়ে দিলেন থাবা। তবে লা লিগায় বার্সেলোনার মাঠে রোনালদোর চেয়েও রিয়ালের জার্সিতে বেশি গোল করেছেন অন্য একজন। শুধু রিয়ালের জার্সিতে নয়? লা লিগার এল ক্লাসিকোতে বার্সেলোনার মাঠে সবচেয়ে বেশি গোল এত দিন ছিল রিয়াল মাদ্রিদেরই এক খেলোয়াড়ের। অবশেষে সেই রেকর্ডটা বার্সেলোনাকে ফিরিয়ে দিলেন লিওনেল মেসি।
দারুণ এক গোলে বার্সেলোনাকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দিয়েছিলেন মেসি। এই গোলটি লা লিগার এল ক্লাসিকোতে নিজেদের মাঠে মেসির সপ্তম গোল। আর তাতেই ভেঙে গেল রিয়াল কিংবদন্তি ফ্রাঙ্ক গেন্তোর ৫৪ বছর পুরোনো রেকর্ড। গেন্তো লা লিগায় রিয়ালের হয়ে ন্যু ক্যাম্পে করেছিলেন ৬ গোল। ন্যু ক্যাম্পে গোলের রেকর্ডে কোনো রিয়াল খেলোয়াড়ের নাম! বার্সেলোনার ইতিহাস বইয়েরই তো রাগ করার কথা!
অবশেষে মেসি সেই দায় থেকে মুক্তি দিলেন। বার্সার মাঠে লা লিগায় এল ক্লাসিকোতে সবচেয়ে বেশি গোলের কীর্তি বার্সারই কোনো খেলোয়াড়ের নামের পাশে থাকল। এমনিতে মেসি বার্সাকে অবশ্য বড় গৌরব অনেক আগেই এনে দিয়েছেন। এল ক্লাসিকোতে সবচেয়ে বেশি গোল করার কীর্তিতে আরেক আর্জেন্টাইন কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোর রেকর্ড ভেঙেছেন। মেসির গোল এখন ২৬টি, স্টেফানোর ১৮।

এখানে গর্ব করার আছে রোনালদোরও। স্টেফানোর ১৮ গোলের মাইলফলক কাল রোনালদোও ছুঁয়েছেন। মজার ব্যাপার হলো, রোনালদোর ১৮ গোলের ১৩টিই ন্যু ক্যাম্পে, সান্তিয়াগো বার্নাব্যুতে মাত্র ৫টি! সব প্রতিযোগিতা মিলিয়ে ন্যু ক্যাম্পে এল ক্লাসিকোতে সবচেয়ে বেশি গোল কিন্তু রিয়ালেরই কোনো খেলোয়াড়ের নামের পাশে থাকল। কারণ সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের মাঠে মেসির গোল ১২টি।
রোনালদো–ভক্তরা অবশ্য এ নিয়ে মেসি–ভক্তদের খোঁচা দেওয়ার সুযোগ পাচ্ছেন না। মেসিরও ১৪ গোল যে সান্তিয়াগো বার্নাব্যুতে!
সেরা খেলোয়াড়দের শ্রেষ্ঠত্ব এখানেও। প্রতিপক্ষের বিরূপ গ্যালারির সামনে, একের পর এক বিদ্রূপের স্লোগান আর শিসের চিৎকারেই নিজেদের সেরাটা বের করে আনতে জানেন! রোনালদোর ‘এবার শান্ত হও’ কিংবা মেসির জার্সি খুলে গ্যালারির দিকে উঁচিয়ে ধরার সেই উদ্যাপন দুটিও তাই বিখ্যাত হয়ে আছে!