রিয়ালের দুঃস্বপ্ন ছিলেন বার্সার মেসি, পিএসজির মেসিও জ্বলে উঠবেন?

পিএসজির হয়েও রিয়ালের বিপক্ষে জ্বলে উঠতে পারবেন মেসি?ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদকে পেলেই জ্বলে ওঠেন লিওনেল মেসি। তাহলে তো আজ তাঁর জ্বলে ওঠার দিন!

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে আজ পিএসজি খেলবে রিয়ালের বিপক্ষে। গত বছর আগস্টে বার্সেলোনা ছাড়ার পর এই প্রথম ‘চিরশত্রু’ রিয়ালের মুখোমুখি হবেন মেসি। প্যারিসে আসার পর থেকে মেসিকে নিয়ে পুরোপুরি তৃপ্ত হতে পারছেন না পিএসজি সমর্থকেরা। গোলই যে করতে পারছেন না তিনি। তবে দুর্ভাগ্যও সঙ্গী হয়েছে তাঁর। চোট, করোনার সঙ্গে তাঁর সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রতিপক্ষের গোলপোস্টও।

রিয়ালকে মোকাবিলায় প্রস্তুত ‘পিএসজির মেসি’
ছবি: রয়টার্স

তবে শুধু গোলকে হিসাবের বাইরে রাখলে, মাঠের খেলাটা যে খুব খারাপ খেলছেন মেসি, সে কথা বলা ঠিক হবে না। কারিকুরি থাকছে, ঠিকই সতীর্থদের গোলের রসদ জোগাচ্ছেন। আসলে তিনি মেসি বলেই হয়তো তাঁর কাছে সবার প্রত্যাশাটা আকাশছোঁয়া। সেটির বিচারেই চলে আসছে তৃপ্তি–অতৃপ্তির ব্যাপারটি। মেসি গোল করছেন না, এটিই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বার্সেলোনার হয়ে নিজের সর্বশেষ মৌসুমেও ৩০ গোল করেছিলেন আর্জেন্টাইন তারকা। অথচ পিএসজির জার্সিতে লিগে তাঁর গোল মাত্র দুটি!

‘পিএসজির মেসি’ হয়ে আজ রিয়ালের দেখা পাবেন তিনি
ছবি: রয়টার্স

তবে চ্যাম্পিয়নস লিগে চিত্রটা একটু ভিন্ন। এখানে পিএসজির হয়ে গ্রুপ পর্বে পাঁচ ম্যাচে তাঁর গোল ৫টি। মন্দ নয়! এর মধ্যে নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তাঁর গোলটি তো ছিল দুর্দান্ত! সে ম্যাচে পিএসজি জিতেছিল ২–০ গোলে।

সেই মেসিকেই আজ পার্ক দে প্রিন্সেসে দেখা যাবে রিয়ালের বিপক্ষে? সাধারণত রিয়াল মাদ্রিদের বিপক্ষে ভালো খেলেন মেসি, নিজের অবিশ্বাস্য মানদণ্ডটাকেও আরও ওপরে তুলে দেন। বার্সেলোনায় খেলতেন, রিয়াল চিরপ্রতিদ্বন্দ্বী ছিল বলেই হয়তো এমনটা বেশি হতো! ভালো করার আকুতিটা অনেক বেশিই ছিল তাঁর। রিয়ালের বিপক্ষে ৪৫টি ম্যাচ খেলে তাঁর গোল ২৬। আর এতেই ‘এল ক্ল্যাসিকো’য় সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। এল ক্ল্যাসিকোয় সতীর্থদের দিয়ে সবচেয়ে বেশি গোল করানোর রেকর্ডও তাঁর!

পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোও জানেন ব্যাপারটি। তাই আজ পিএসজি–রিয়াল চ্যাম্পিয়নস লিগ লড়াইয়ে মেসির কাছে বড় কিছুর প্রত্যাশা তাঁর। আর্জেন্টাইন কোচের আশা, মেসি আজ উপলক্ষটাকে স্মরণীয় করে রাখবেন। উপলক্ষের উচ্চতার সমান্তরালেই নিয়ে যাবেন নিজের খেলার মান। সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর কাছে এই আশা তিনি করতেই পারেন।

উপলক্ষ রাঙানোর বড় সুযোগ মেসির সামনে
ছবি: রয়টার্স

আজ প্যারিসে পচেত্তিনোর আশাবাদ মেসিকে অনুশীলনে দেখেই, ‘মেসি আসলেই খুব ভালো অবস্থায় আছে। এই ম্যাচটি খেলতে সে উন্মুখ। এ ধরনের ম্যাচে ওর মতো খেলোয়াড়ের অভিজ্ঞতা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এ ধরনের ম্যাচে ও নিজের খেলার কিছু অংশও যদি তার সতীর্থদের মধ্যে ছড়িয়ে দিতে পারে, সেটি দারুণ হবে।’

রিয়াল মাদ্রিদের বিপক্ষে পিএসজির খেলোয়াড়দের আলাদা কোনো প্রেরণার দরকার নেই বলেই মনে করেন পচেত্তিনো, ‘এ ম্যাচের জন্য আলাদা করে অনুপ্রাণিত হওয়ার দরকার নেই। খেলোয়াড়েরা এমনিতেই অনুপ্রাণিত, সবাই রোমাঞ্চিত। খেলোয়াড়েরা সবাই যার যার জায়গা থেকেই দলকে সাহায্য করতে মুখিয়ে আছে।’

চোটে ধারাবাহিকভাবে ভুগতে থাকা সাবেক রিয়াল তারকা সের্হিও রামোস আজ পিএসজির জার্সিতে পুরোনো দলের মুখোমুখি হতে পারছেন না। নেইমার চোট কাটিয়ে উঠে যোগ দিয়েছেন অনুশীলনে। মূল একাদশে তাঁর নামা নিয়ে শঙ্কা আছে, তবে বেঞ্চে ঠিকই থাকবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের একটু পিছিয়েই রাখছেন পচেত্তিনো। একবারও চ্যাম্পিয়নস লিগ না জেতা পিএসজিকে ১৩ বারের চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়ালের সামনে তিনি মনে করেন ‘চ্যালেঞ্জার’, ‘রিয়ালের প্রতি আমার শ্রদ্ধা অনেক। আমরা দিনের পর দিনে একটা দল তৈরি করছি, যে দলটা একটা স্বপ্নের পেছনে ছুটছে। তবে আমরা ১৩ বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলছি যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবেই।’