
লিগে দুই দলের লড়াইটা ভিন্ন। রিয়াল মাদ্রিদ লড়ছে শিরোপার জন্য, ম্যানচেস্টার সিটির লক্ষ্য আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন বাঁচিয়ে রাখা। তবে লিগের লড়াই ছাপিয়েও কাল ইংল্যান্ড ও স্পেনে দুই দলের ম্যাচ এক বিন্দুতে মিলে গেছে, কারণ আগামী মঙ্গলবারই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে মুখোমুখি সিটি ও রিয়াল। তার আগে দুদল সেরে রাখল প্রস্তুতি। দুদলই জিতেছে, তবে জয়ের ধরন ভিন্ন। ঘরের মাঠে ম্যান সিটি ৪-০ গোলে হারিয়েছে স্টোক সিটিকে, আর রায়ো ভায়েকানোর মাঠে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জিতল রিয়াল।
চোট কেড়ে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। কোচ জিনেদিন জিদানের ভরসা ছিল তাই গ্যারেথ বেল ও করিম বেনজেমার ওপর। গত ডিসেম্বরে বেলের চার গোল ও বেনজেমার হ্যাটট্রিকে এই রায়োকেই তো ১০-২ গোলে বিধ্বস্ত করেছিল রিয়াল। কাল রোনালদোবিহীন রিয়ালকে আরও একবার বাঁচিয়েছেন ওয়েলশ উইঙ্গার, তবে তাতে ছিল অনেক নাটকীয়তা।
১৪ মিনিটের মধ্যেই এমবার্বা ও মিকুর গোলে দুই গোলে এগিয়ে যায় ভায়েকানো, দুটি গোলেরই দায় নিতে হবে রিয়ালের রক্ষণকে। লস ব্লাঙ্কোরা তখন যেন দিশেহারা এক দল। এরপর তাদের ত্রাতা হয়ে এলেন বেল। ৩৫ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলটিতে হেড করে ব্যবধান কমান ওয়েলশ উইঙ্গার।
গোলটা যা-ও একটু স্বস্তি হয়ে এল, সেটি উবে গেল খানিক পর। চোট পেয়ে মাঠ ছেড়ে গেলেন বেনজেমা। তাঁর বদলি হয়ে নামা লুকাস ভাসকেজই ৫২ মিনিটে সমতায় ফেরান জিদানের দলকে। প্রত্যাবর্তন পূর্ণতা পেল ৮১ মিনিটে বেলের দ্বিতীয় গোলে। দিনের অন্য ম্যাচে মালাগার বিপক্ষে অ্যাঙ্গেল কোরিয়ার গোলে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, উঠে গেছে লা লিগার শীর্ষে। অবশ্য বার্সেলোনা কাল রাতে জিতে থাকলে ফিরে পেয়েছে শীর্ষস্থান।
ওদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে সিটি পেয়েছে অনায়াস জয়। ৩৫ মিনিটে ফার্নান্দোর গোলের আট মিনিট পর পেনাল্টি থেকে সার্জিও আগুয়েরোর গোল—প্রথমার্ধেই জয় প্রায় নিশ্চিত করে ফেলে ম্যানুয়েল পেলেগ্রিনির দল। দ্বিতীয়ার্ধে দুই গোল করে জয় নিয়ে যাবতীয় অনিশ্চয়তা মুছে দেন সিটির ১৯ বছর বয়সী স্ট্রাইকার কেলেশি ইহিয়ানাচো। ইএসপিএন।