রিয়ালের দ্বিতীয় দলও এত ভালো!
প্রশ্নটা এখন তোলাই যায়। রিয়াল মাদ্রিদের কোন দলটা বেশি ভালো? রোনালদো-বেল-বেনজেমা-মডরিচ-রামোসদের নিয়ে গড়া নিয়মিত একাদশ, নাকি কোয়েন্ত্রাও-ইসকো-রদ্রিগেজ-এসেনসিও-মোরাতাদের নিয়ে গড়া রিজার্ভ বেঞ্চ?
পরশু রাতে গ্রানাডাকে গুঁড়িয়ে দিয়ে রিয়ালের দ্বিতীয় দলটা ৪-০ গোলে জেতার পর এই প্রশ্নটা আরও যৌক্তিক মনে হবে। বিখ্যাত ‘বিবিসি’ ত্রয়ীর একজনকেও মাঠে নামাননি রিয়াল কোচ জিনেদিন জিদান। কেইলর নাভাস, টনি ক্রুস ও মার্সেলোও ছিলেন না একাদশে। সব মিলিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ ম্যাচের দল থেকে ৯টি পরিবর্তন। কিন্তু তারপরও মাত্র ৩৫ মিনিটের মধ্যেই ম্যাচ শেষ! রিয়াল যে তখনই ৪-০ গোলে এগিয়ে গেছে! ৩ মিনিটেই গোল করলেন হামেস রদ্রিগেজ, ১১ মিনিটে আরও একটি। সর্বশেষ যে নয়টি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন কলম্বিয়ান ফরোয়ার্ড, তাতে গোল করেছেন ৭টি। রিয়ালের বাকি দুটি গোল আলভারো মোরাতার। রদ্রিগেজের মতো যাঁকেও মাঠে নামার সুযোগ পাওয়ার অপেক্ষায় থাকতে হয়।
শুধু পরশুর ম্যাচই নয়। এর আগে এইবার, রিয়াল বেতিস, লেগানেস, স্পোর্টিং গিজন ও দেপোর্তিভোর বিপক্ষেও প্রায় দ্বিতীয় সারির দল নামিয়েছিলেন জিদান। প্রতিটি ম্যাচেই জয়ের হাসি ছিল রিয়ালের। শুধু জয় বললেও কম বলা হয় আসলে। সব মিলিয়ে এই ছয়টা ম্যাচে প্রতিপক্ষের জালে জিদানের দল দিয়েছে ২৩ গোল! এর মধ্যে দেপোর্তিভোকে বিধ্বস্ত করা ৬-২ গোলের জয়টাও আছে।
রিজার্ভ বেঞ্চের শক্তি যদি এমন হয়, কোচের কাছে এর চেয়ে আনন্দের আর কী হতে পারে! জিনেদিন জিদানও দারুণ উচ্ছ্বসিত, ‘কোচের জন্য এর চেয়ে ভালো কোনো সংবাদ হতে পারে না। এর মানে হচ্ছে দলের সবাই চমৎকার শারীরিক অবস্থায় আছে। ওরা সুযোগের জন্য মুখিয়ে থাকে। আমার জন্য এটা দারুণ সন্তুষ্টির ব্যাপার।’
তবে দ্বিতীয় দল হলেও রিয়াল নামটাই একটা বিশাল ব্যাপার বলে মনে করেন গ্রানাডার কোচ টনি অ্যাডামস। লা লিগা থেকে অবনমন নিশ্চিত হয়ে যাওয়া দলটার কোচ স্বীকার করে নিলেন, রিয়ালের এই দলের সঙ্গেও লড়ার মতো যথেষ্ট শক্তি তাঁর দলের নেই। এমনকি জিদানও যদি এই গ্রানাডার কোচ হতেন, রিয়ালের দ্বিতীয় দলকে হারানো সম্ভব হতো না। সাবেক আর্সেনাল অধিনায়ক তাই বলেছেন, ‘জিদানের প্রতি কোনো অশ্রদ্ধা নেই। তারপরও বলি, আসুন না আমরা দল পরিবর্তন করি!’
এই জয়ের পর লা লিগায় ৩৫ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৮৪। এক ম্যাচ বেশি খেলেও বার্সেলোনার পয়েন্ট রিয়ালের সমান। লিগে রিয়ালের বাকি তিনটি ম্যাচ সেভিয়া, সেল্টা ভিগো ও মালাগার বিপক্ষে। এই তিন ম্যাচের দুটিতে জিতলে আর একটি ড্র করলেই বার্সেলোনাকে পেছনে ফেলে শিরোপা জিতে নেবে জিদানের দল। রিয়াল মিডফিল্ডার কাসেমিরোও সেটাই চাইছেন, ‘বার্সেলোনা কী করে, সেটা আমাদের দেখার বিষয় না। আমরা কী করতে পারি, সেটা নিয়েই আমরা ভাবছি। আমরা আমাদের ম্যাচগুলো জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাব। এটা এখন আমাদের হাতে।’ এএফপি, গোলডটকম।