রিয়ালের নিষেধাজ্ঞায় বায়ার্নের 'কালো হাত'?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিদানের দুই ছেলে সহ আরও কয়েকজন অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড় দলে নিয়ে বিপাকে রিয়াল। ছবি: এএফপি।
জিদানের দুই ছেলে সহ আরও কয়েকজন অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড় দলে নিয়ে বিপাকে রিয়াল। ছবি: এএফপি।

অপ্রাপ্ত বয়স্ক খেলোয়াড় দলে নেওয়ার ক্ষেত্রে অনিয়মের কারণে গত সপ্তাহে ফিফার কাছ দলবদলের নিষেধাজ্ঞা পেয়েছিল রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। কোনো ক্লাবই এখনো ‘অপরাধ’ মেনে নেয়নি, বরং আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ফিফার এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে মাদ্রিদের দুই প্রতিবেশী ক্লাব। সেখানে রায় এলেই আসলে বোঝা যাবে, কতটুকু আসলে অপরাধ ছিল রিয়াল ও অ্যাটলেটিকোর, কিংবা আদৌ ছিল কি না।


তবে এর মধ্যেই নিজেদের নিষেধাজ্ঞার পেছনে একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে রিয়াল। তাদের বিরুদ্ধে ফিফার এই তদন্ত নাকি অন্য কারও প্ররোচনায় হয়েছে। সেই ‘অন্য কেউ’ কে জানেন? না, ঠোঁটের ডগায় বার্সেলোনার নাম এলেও সেটি নাকি বায়ার্ন মিউনিখ! জার্মান ক্লাবটিই নাকি ফিফাকে গোপন তথ্য দিয়ে এই তদন্তে প্ররোচনা দিয়েছে, রিয়াল মাদ্রিদের সঙ্গে বিশ্বাস এমনই।

স্প্যানিশ ক্রীড়াদৈনিক স্পোর্তের খবর, রিয়াল কর্তৃপক্ষ ক্লাবের সঙ্গে ঘনিষ্ঠ সাংবাদিকদের কাছে কিছু তথ্য দিচ্ছে। যেগুলোর ভাষ্য, বায়ার্নের ‘কালো হাত’এই তাদের নিষেধাজ্ঞার জন্য দায়ী। যদিও কোনো প্রমাণ এখনো দিতে পারেনি লস ব্লাঙ্কোসরা, তবে তাদের দৃঢ় বিশ্বাস, জার্মান ক্লাবটির দেওয়া গোপন তথ্যের ভিত্তিতেই এই তদন্ত চালিয়েছে ফিফা।

তবে তদন্তে প্ররোচনা থাকুক বা না থাকুক, এর ফলটা রিয়ালের জন্য অশুভ সংকেত হয়েই এসেছে। গত সপ্তাহেই দুটি দলবদল মৌসুমের জন্য খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা পেয়েছে রিয়াল। বার্সেলোনার ঘটনার অভিজ্ঞতা থেকে বিশেষজ্ঞরা বলছেন, এসব ক্ষেত্রে আপিল করলেও কোনো লাভ হবে না। ফিফার তদন্ত ভুল প্রমাণিত হওয়ার সম্ভাবনা খুবই কম। রিয়ালের জন্য আরও হতাশার ব্যাপার হতে পারে এই রায় জানানোর সময়কাল। বার্সেলোনার ক্ষেত্রে রায় জানানো হয়েছিল ২০১৪ সালের এপ্রিল মাসে, আপিলের ফল হাতে পেতে ওই বছরের গ্রীষ্মকালীন দলবদলে খেলোয়াড় নেওয়ার সুযোগ পেয়েছে কাতালান ক্লাবটি। রিয়াল ও অ্যাটলেটিকো সেই সুযোগ না-ও পেতে পারে। রিয়ালের জন্য শঙ্কার বিষয় হলো, আপিলের রায়ও জুন মাসের আগেই চলে আসতে পারে। সে ক্ষেত্রে আগামী গ্রীষ্মে নতুন করে দল গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে না রিয়াল।

বেচারা জিনেদিন জিদান! মাত্র কদিন আগেই দলের দায়িত্ব নিয়েছেন। একটু যে নিজের পছন্দমতো খেলোয়াড় দলে আনবেন, এই দলবদল নিষেধাজ্ঞার জটিলতা সেই সুযোগটাও এখন প্রায় বন্ধ করে দিতে চলেছে। বায়ার্নের ওপর তাঁর রাগও হতে পারে। তবে বায়ার্ন আসলেই ভেতরে-ভেতরে কলকাঠি নাড়ুক আর না-এই নাড়ুক; রিয়াল-অ্যাটলেটিকো-বার্সার মতো ক্লাবগুলো যে ​নীতিবিরুদ্ধ কাজ করেছে, সেটিও তো সত্যি।