রিয়ালের নয়ে রোনালদোর পাঁচ

হ্যাটট্রিক ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে ডালভাত। ৪ গোলও খুব দুর্লভ নয়, এই মৌসুমেই সেটা পেয়েছেন এলচের সঙ্গে। এক ম্যাচে ৫ গোল করাটাই বাকি ছিল, কাল সেটিও পেয়ে গেলেন। রোনালদোর সঙ্গে রিয়াল মাদ্রিদও খেলল তাদের মতোই। গ্রানাডাকে হারাল ৯-১ গোলে, ১৯৬৭ সালের পর পেয়ে গেছে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানের জয়।
একটা ম্যাচ থেকে যা চাইতে পারতেন, কাল তার সবটুকুই পেয়েছেন সিআর-সেভেন। তবে দিনটা যে নিজের করে নেবেন, সেটা ২৯ মিনিট পর্যন্তও বোঝা যায়নি। ৩০ মিনিটে করেছেন প্রথম গোল, হ্যাটট্রিক পেয়ে গেছেন ৮ মিনিটের মধ্যেই! রোনালদোর দ্রুততম হ্যাটট্রিক তো বটেই, ২০১১ সালের পর এই প্রথম বিরতির আগেই পেয়েছেন ৩ গোল। ২৫ মিনিটে গোল করে গোলের রাস্তাটা দেখিয়েছিলেন অবশ্য গ্যারেথ বেল।
প্রথমার্ধে ৪-০ ব্যবধানে এগিয়ে থাকার পর মনে হচ্ছিল, রিয়াল দ্বিতীয়ার্ধে একটু দম নেবে। কিসের কী, পরে যেন আরও ভয়ংকর তাঁরা। ৫২ মিনিটে করিম বেনজেমার গোলের দুই মিনিট পর রোনালদো পান নিজের চতুর্থটি। দুই মিনিট পর আবারও গোল, এবার বেনজেমার। তবে রোনালদোর পঞ্চম গোলটা আসি আসি করেও আসতে চাইছিল না যেন। নষ্ট করে ফেলেন কয়েকটা সহজ সুযোগ। শেষ পর্যন্ত সেটি পেলেন ৮৯ মিনিটে। তার আগে অবশ্য গ্রানাডার ইবানেজ আত্মঘাতী গোল করে নিজ দলের দুঃস্বপ্নটা আরও বাড়িয়ে দিয়েছেন।
এবারও লিগের শীর্ষ গোলদাতা হওয়ার প্রতিদ্বন্দ্বিতা চলছে লিওনেল মেসির সঙ্গে। কালকের ৫ গোলের পর মেসিকে (৩২) টপকে রোনালদোর গোল হয়ে গেল ৩৬টি। লা লিগায় সবচেয়ে বেশি হ্যাটট্রিকেও (২৪) ছুঁয়ে ফেলেছেন মেসিকে, ভাগ বসিয়েছেন রিয়ালের হয়ে আলফ্রেডো ডি স্টেফানোর সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ডে (২৮টি)।
রিয়াল কোচ কার্লো আনচেলত্তিকে এই জয় স্বস্তি দিয়েছে আরও। আন্তর্জাতিক বিরতি খেলোয়াড়দের পায়ে মরচে ধরায়নি, দুই মাস পর মাঠে ফিরে আলো ছড়িয়েছেন হামেস রদ্রিগেজ। বাকি নয় ম্যাচে এ রকম কিছুই চাইবেন আনচেলত্তি। তবে বার্সেলোনা যে এগিয়ে আছে, সেটি ভোলেননি। বলেই ফেলেছেন, ‘এর চেয়ে নয়টি ১-০ গোলের জয় পেলে আমি খুশি হতাম। তবে দল যেভাবে খেলেছে সেটা অনেক বড় ব্যাপার।’ স্টার স্পোর্টস, এএফপি।