রিয়ালের পথে হ্যাজার্ড?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গন্তব্য কি তবে রিয়াল মাদ্রিদ? ছবি: রয়টার্স
গন্তব্য কি তবে রিয়াল মাদ্রিদ? ছবি: রয়টার্স

সুযোগটা কাজে লাগাতে চান এডেন হ্যাজার্ড। রিয়াল মাদ্রিদে যাওয়ার পুরোনো স্বপ্নকে এবার বাস্তবে রূপ দেওয়ার সুযোগ বেলজিয়ান তারকার সামনে। সে জন্য রিয়ালকে প্রাথমিক সংকেতটা পাঠিয়ে দিয়েছেন। বর্তমান ক্লাব চেলসির সঙ্গে চুক্তি নবায়ন করেননি। মধ্য-মৌসুমের দলবদল শুরুর আগেই বার্নাব্যুতে যাওয়ার প্রস্তুতিটা নেওয়া শুরু করে দিয়েছেন তিনি।

আগেও রিয়ালের প্রতি নিজের দুর্বলতার কথা বলেছেন হ্যাজার্ড। তবে নিকট অতীতে এ ব্যাপারে খুব বেশি কিছু বলেননি। প্রসঙ্গটা এড়িয়েই যেতে চেয়েছেন। চেলসির প্রতি তাঁর ভালোবাসার কথাই বলতেন। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সেসবই ছিল সঠিক সময়ের জন্য অপেক্ষা। এই মৌসুমে ফরোয়ার্ডদের ব্যর্থতায় এরই মধ্যে লা লিগা শিরোপা-দৌড় থেকে ছিটকে পড়েছে রিয়াল। রোনালদোদের দলে যাওয়ার এর চেয়ে ভালো সময় যে আর পাবেন না।

এখন পর্যন্ত এ ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করেননি হ্যাজার্ড। তবে তাঁর বাবা থিয়েরি হ্যাজার্ড কিন্তু সরাসরিই এ ব্যাপারে কথা বলেছেন। সংবাদকর্মীদের তিনি বলেছেন, ‘এডেন চুক্তি নবায়ন প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। রিয়ালের স্বার্থের অনুকূলেই সে এমনটা করেছে। সেখানেই (রিয়ালে) তাকে ভালো মানাবে।’

তবে এখন পর্যন্ত জিনেদিন জিদানের দলের পক্ষ থেকে কোনো প্রস্তাব বা পদক্ষেপ নেওয়া হয়নি বলেই জানিয়েছেন তিনি, এই মুহূর্তে রিয়ালের সঙ্গে কোনো চুক্তি নেই।

২৬ বছর বয়সী এই বেলজিয়ান ফরোয়ার্ড ক্যারিয়ার শুরু করেছিলেন ফরাসি ক্লাব লিলের একাডেমিতে। ২০১১ সালে লিলেকে ফ্রেঞ্চ লিগ কাপ জেতানোর পরের মৌসুমে তাঁকে কিনে নেয় চেলসি। ২০১৫ ও ২০১৭ সালে চেলসিকে প্রিমিয়ার লিগ শিরোপা জিতিয়েছেন এই ফরোয়ার্ড। চেলসিতে থাকার সময়ে চারবার ব্যালন ডি’অরে মনোনয়ন পেয়েছেন তিনি। কিন্তু মেসি-রোনালদোর দাপটে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা হয়নি।

স্বাভাবিকভাবেই চেলসি কোচ আন্তোনিও কন্তে তাঁর সেরা তারকাকে ছাড়তে চান না। তিনি এখনো দাবি করছেন, ‘হ্যাজার্ড বিক্রির জন্য নয়।’ চেলসির সঙ্গে এখনো আড়াই বছরের চুক্তি বাকি রয়েছে হ্যাজার্ডের। তবে ক্লাব থেকে ফুটবলারদের মন উঠে গেলে যে তাঁদের আর ধরে রাখা যায় না, নেইমার তো তা মৌসুমের শুরুতেই দেখিয়েছেন। কন্তে তাই উদ্দীপনা জোগাতে চাইছেন হ্যাজার্ডকে, ‘তুমি যদি কোনো দারুণ ক্লাবে খেলে থাকো, তাদের স্বপ্নে বিশ্বাস করো, আমার মনে হয়, তোমার সেখানেই থাকা উচিত। তবে প্রশ্নটা আমার নয়, বরং ক্লাবেরই করা উচিত। কারণ, খেলোয়াড়দের ব্যক্তিগত পছন্দ নিয়ে তো প্রশ্ন তোলা যায় না।’

তাহলে কি সত্যি সত্যিই মাদ্রিদের পথে হ্যাজার্ড?